প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগ জেলা পর্যায়ে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার (২০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে এ পর্যন্ত মোট ২ লাখ ৫ হাজার সেট স্কুল ড্রেস, ৬৭ হাজার ৯০০ জোড়া জুতা ও ১ লাখ ১৫ হাজার ২১৬টি স্কুল ব্যাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংরক্ষণ করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এসব সামগ্রী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাপ্ত স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগ ৬৪ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিরাপদে সংরক্ষণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এসব সামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী এসব সামগ্রী সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্ধারিত তারিখ ও সময়ে স্কুল ড্রেস-জুতা-ব্যাগ ও জুতা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে বিভাগভিত্তিক নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে হবে—
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সব জেলা ২০ থেকে ২২ সেপ্টেম্বর; রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা ২২ থেকে ২৩ সেপ্টেম্বর; ট্টগ্রাম ও সিলেট বিভাগের সব জেলা ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর এবং খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা ২৭ থেকে ২৮ সেপ্টেম্বর গ্রহণ করবে।
সবাইকে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে এসব সামগ্রী গ্রহণ করতে অধিদপ্তর থেকে বলা হয়েছে।