ঢাবি ভিসির কাছে ভোট চাইলেন ইশরাক

২৩ জানুয়ারি ২০২০, ১১:২৯ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ সময় ঢাবি ভিসির কাছে ধানের শীষে ভোট চান তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ইশরাক ভোট প্রার্থনা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে তিনি দিনের নির্বাচনি কর্মসূচি শুরু করেন।

এসময় প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের পড়তে পারিনি। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ে আমার বাবা এবং বোন পড়াশোনা করেছেন। সে হিসেবে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে আমাদের পরিবাবারের আত্মার সম্পর্ক রয়েছে।’ নির্বাচিত হলে তিনি এই এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।


এ সময় ঢাবি ভিসি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘আশা করছি সামনের নির্বাচনে একটি সুষ্ঠু ও সাবলীল পরিবেশ থাকবে। এখানে আসার জন্য আমি আপনাদের স্বাগত জানাচ্ছি।’

পরে ঢাবি এলাকায় প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক বলেন, ‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে রয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছি। মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক। ভোটের দিন যদি সে রকম কোনো পরিস্থিতি হয়, তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে, তারা কীভাবে তাদের অধিকার সংরক্ষণ করবে এবং তারা তাদের প্রতিবাদ জানাবে।’

‘নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ থাকবে’—ঢাবি উপাচার্যের এমন মন্তব্যের সঙ্গে একমত কি না জানতে চাইলে ডিএসসিসির এ মেয়র প্রার্থী বলেন, ‘স্যার খুব আন্তরিক হয়ে কথাটি বলেছেন। আমরা সুষ্ঠু ও সাবলীল নির্বাচন আশা করি। আশা করছি, তিনি যে কথা বলেছেন, যাঁরা নির্বাচনের দায়িত্বে আছেন—নির্বাচন কমিশন, তাঁরা উনার কথা শুনবেন, আমলে নেবেন এবং নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করবেন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোরশেদ হাসান খান, অধ্যাপক লুৎফর রহমান, সাবেক আহ্বায়ক অধ্যাপক আকতার হোসেন খান, অধ্যাপক ড. আবদুর রশিদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ।

এদিকে, আজ দুপুর ১২টা পর্যন্ত ঢাবি এলাকায় প্রচারণা চালাবেন ইশরাক হোসেন। সেখান থেকে হাইকোর্ট মাজার গেট এলাকায় গণসংযোগ করবেন‌ তিনি। মাজার গেট থেকে ইশরাকের গণসংযোগে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে দুপুর সাড়ে ১২টায় শ্যামপুর থানার ৫৪ নম্বর ওয়ার্ডের জুরাইন মাজারের ব্যাংক এশিয়ার সামনে থেকে গণসংযোগ শুরু করে পোস্তগোলা, জুরাইন কবরস্থান, আরসিন গেট, টিঅ্যান্ডটি এবং বাংলাদেশ ব্যাংক কলোনি, গেণ্ডারিয়া ডিআইটি প্লট, পাইপ রাস্তা, শিট মার্কেট, আবু হাজি প্রাইমারি স্কুল হয়ে ৫১ নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড়ে গণসংযোগ ও প্রচারণা শেষ করবেন ইশরাক।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬