সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরসিএ

০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এ আই দ্বারা তৈরিকৃত ছবি

এক শিক্ষকের নিবন্ধন সনদ জাল ও ভুয়া হওয়ার অভিযোগের পর পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাচিয়া মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত পদে কর্মরত নিবন্ধনধারী সব শিক্ষকের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৩ অক্টোবর শুনানিতে উপস্থিত থাকতে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মোহাম্মদ মনজুরুল হাসানের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞানের সহকারী শিক্ষক অপূর্ব কুমার শিকারীর সনদ যাচাই নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। গত ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনটিআরসিএতে একটি আবেদন করেন। এতে তিনি উল্লেখ করেন, অপূর্ব কুমার শিকারীর সনদ যাচাই-সংক্রান্ত গত ১৫ এপ্রিলের চিঠিটি তার কার্যালয় থেকে পাঠানো হয়নি। এ ছাড়া ১৮ মে এনটিআরসিএতে পাঠানো স্মারকের সঠিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ৯ জুলাই অপূর্ব কুমার শিকারীর সনদ যাচাইয়ের জন্য এনটিআরসিএতে একটি চিঠি পাঠান। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ওই প্রত্যয়নপত্র জাল ও ভুয়া বলে পাওয়া যায়। পরে গত ২ আগস্ট স্মারকের মাধ্যমে এ সংক্রান্ত যাচাই প্রতিবেদন পাঠানো হয়। 

এদিকে গত ৩ সেপ্টেম্বর অপূর্ব কুমার শিকারী তার তৃতীয় শিক্ষক নিবন্ধন সনদ পুনরায় যাচাই এবং ১৮ মে স্মারকে পাঠানো প্রত্যয়নপত্র যাচাই প্রতিবেদনসংক্রান্ত চিঠি বাতিলের আবেদন করেন। আবেদনে অপূর্ব কুমার শিকারী দাবি করেন, সংশ্লিষ্ট চিঠির মাধ্যমে তিনি জানতে পারেন, তার নিবন্ধন সনদ জাল বা ভুয়া বলে উল্লেখ করা হয়েছে। তবে তিনি নিজে পরীক্ষায় অংশ নিয়ে বৈধভাবে উত্তীর্ণ হয়েছেন বলে দাবি করেন। তার মূল সনদ, প্রবেশপত্রসহ সব তথ্য শতভাগ সঠিক বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

এ পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে কর্মরত নিবন্ধনধারী সব শিক্ষকের নিবন্ধন সনদ, ছক অনুযায়ী সব শিক্ষকের তথ্য, সর্বশেষ এমপিও শিট এবং পত্র রেজিস্টার বইয়ের প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট সত্যায়িত অনুলিপি সঙ্গে আনতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মোহাম্মদ মনজুরুল হাসানের কার্যালয়ে শুনানিতে এসব কাগজপত্রসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উপস্থিত থাকতে হবে।

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬