অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কথা বলছেন © সংগৃহীত
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, বাংলাদেশে ২ শতাংশ শিক্ষক হলো সরকারি, আর ৯৮ শতাংশ শিক্ষক হলো বেসরকারি। এই ২ শতাংশ শিক্ষককে যেখানে শিক্ষা মন্ত্রণালয় বদলির কাজ সামলাতে পারে না। সেখানে কিভাবে তারা ৬ লাখ বেসরকারি শিক্ষককে সামলাবে? এটা অসম্ভব। এজন্য প্রথমেই অন্তত এনটিআরসিএ শিক্ষকদের বদলি দিয়ে কাজটা শুরু করে দেন। এটার জন্য অর্থের প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সম্মেলনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬ লাখ শিক্ষককে তারা অনলাইনের মাধ্যমে বদলির সুযোগ করে দিয়েছেন। বিষয়টা আসলে হলো শিক্ষকদেরকে হয়রানি করা। আসলে বদলি হবে না। কারণ বাংলাদেশে ২ শতাংশ শিক্ষক হলো সরকারি, আর ৯৮ শতাংশ শিক্ষক হলো বেসরকারি।
তিনি বলেন, ‘২ শতাংশ সরকারি শিক্ষকের জন্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কক্ষে যে ভিড় থাকে, তা আপনারা দেখেছেন। এই ২ শতাংশ শিক্ষককে যেখানে তারা সামলাতে পারে না। সেখানে কিভাবে তারা ৬ লাখ শিক্ষককে সামলাবে? এটার জন্য কোনো সফটওয়্যার ও কোনো ধরনের সিস্টেম তৈরি করা হয়নি। কিন্তু তারা শিক্ষকদের বলছে তোমরা আবেদন কর।
এবার শিক্ষকরা নাচতে নাচতে আবেদন করছে, তারা মনে করছে, তাদেরটা হয়ে গেছে। আসলে এটা শিক্ষকদের হয়রানি ছাড়া আর কিছুই না। সেজন্য আমি বলছি, প্রথমে এনটিআরসিএ’র যে শিক্ষকরা রয়েছেন, তাদের বদলিটা অন্তত আরম্ভ বা শুরু করে দেন। এটা করার জন্য অর্থের খরচ হয় না, এটার জন্য তো অর্থের প্রয়োজন লাগে না।’
বিশ্ব শিক্ষক দিবস সম্মেলনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।