রাশেদ খাঁন © টিডিসি সম্পাদিত
জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি থেকে নয়, বরং কর্মসূচি শেষে নিজেই এক শ্রমিক লীগ নেতাকে পুলিশে সোপর্দ করেছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশন ও সংবাদ সংশোধনের অনুরোধও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ খাঁন জানান, জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি শেষে তিনি যখন গাড়িতে উঠছিলেন, তখন গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী এক ব্যক্তিকে তার কাছে নিয়ে আসেন। তারা ওই ব্যক্তিকে ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে দেন। এ সময় কৃষক লীগের কমিটির প্যাডে তার নামও দেখানো হয়।
রাশেদ খান লেখেন, ‘জাতীয়তাবাদী সমমনা জোটের প্রোগ্রাম শেষে যেসময় আমি গাড়িতে উঠবো, তখন গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী একজন ব্যক্তিকে আমার কাছে ধরে এনে বলে যে, ‘ভাই, এই লোক ঢাকা জেলা উত্তর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক’। কৃষকলীগের কমিটির প্যাডে তার নামও আমাকে দেখায়। আমি তখন আমার গানম্যানকে প্রেসক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ডেকে নিয়ে আসতে বলি। সে পুলিশ ডেকে আনার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।’
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে রাশেদ খান বলেন, কয়েকজন ভিডিওটি ডাউনলোড করে এমন ক্যাপশন দিয়ে প্রচার করছেন, যেন তার সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতাকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ধরনের প্রচারকে ভুল তথ্য উল্লেখ করে তিনি সংবাদ প্রকাশকারীদের বিষয়টি সংশোধনের অনুরোধ জানান।
এ বিষয়ে তিনি লেখেন, ‘কিন্তু জামায়াত শিবিরের নেতাকর্মীরা গণমাধ্যমের ভিডিও ডাউনলোড দিয়ে ক্যাপশন দিয়ে প্রচার করছে যে, রাশেদ খাঁনের সাথে থাকা আ.লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করলো জনতা! জামায়াত-শিবিরকর্মীরা আজকে রাজপথে থাকার কথা ছিলো, যেহেতু আ.লীগ আজকে লকডাউন ডেকেছে। কিন্তু তারা আওয়ামীলীগের বিরুদ্ধে মাঠে না থেকে যারা আ.লীগের বিরুদ্ধে মাঠে সরব তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।’
ফেসবুক পোস্টে সমমনা জোটের কর্মসূচিতে লোকসমাগম কম হওয়া নিয়েও সমালোচনার জবাব দেন রাশেদ খান। তিনি বলেন, ছোট ছোট রাজনৈতিক দলের সমন্বয়ে জোটটি গঠিত হওয়ায় তাদের কর্মসূচিতে লোকসংখ্যা তুলনামূলক কম থাকে। আওয়ামী লীগের শাসনামলেও তারা অল্পসংখ্যক লোক নিয়ে কর্মসূচি পালন করেছেন।
এ প্রসঙ্গে শহীদ ওসমান হাদীর উদাহরণ টেনে রাশেদ খান লেখেন, ‘আরও একটা জিনিস খেয়াল করলাম, তারা প্রচার করছে যে, রাশেদ খাঁনের মিছিলে লোক নাই কেন? সমমনা জোট ছোট ছোট রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত একটি জোট। আ.লীগের সময়েও অল্প মানুষ নিয়ে প্রোগ্রাম করেছে। ঠিক শহীদ ওসমান হাদীও ১০-১৫ জন মানুষ নিয়েই ঢাকার রাজপথে লড়াই করেছে।’
তিনি আরও বলেন, যারা শহীদ ওসমান হাদীকে ধারণ করেন, তাদেরই আবার বিভিন্ন জোটের কর্মসূচিতে কত লোক অংশ নিয়েছে, সেই হিসাব করতে দেখা যাচ্ছে।
পোস্টে রাশেদ খান লেখেন, ‘আপনার লাখো কোটি লোক আছে, কিন্তু আপনি আ.লীগের লকডাউন প্রতিহত করতে মাঠে নামেননি, সুতরাং আপনার হাজার হাজার লোকের চেয়ে সমমনা জোটের ৫০ জন লোক বেশি গুরুত্বপূর্ণ।’