বিএনপির স্বাস্থ্য সম্পাদককে সনদপত্র তুলে দিচ্ছেন বিএমইউর উপাচার্য © সংগৃহীত
চীনের সাংহাইয়ে রোবোটিক সার্জারির ওপর বিশেষ উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় তার হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
গত ২৫ থেকে ৩১ অক্টোবর সাংহাইয়ের পুডং গংলি হাসপাতালে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রোবোটিক সার্জারির আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক প্রয়োগ ও উন্নত অস্ত্রোপচার পদ্ধতি সম্পর্কে উচ্চতর জ্ঞান ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন অধ্যাপক রফিকূল ইসলাম। এ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলতে নতুন প্রযুক্তি গ্রহণ ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে রোবোটিক সার্জারি অস্ত্রোপচার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ প্রযুক্তির মাধ্যমে আরও সূক্ষ্ম ও নির্ভুল অস্ত্রোপচারের সুযোগ তৈরি হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে রোবোটিক সার্জারির যাত্রা শুরু হলেও এ প্রযুক্তি পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করা সমান গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। অধ্যাপক রফিকূল ইসলামের মতো অভিজ্ঞ চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ দেশের চিকিৎসাব্যবস্থার আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপাচার্য আরও বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাসেবার পাশাপাশি আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির প্রয়োগেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায়। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় বাড়ানো প্রয়োজন। রোবোটিক সার্জারির সুফল যেন দেশের সাধারণ মানুষও পান, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং সনদপত্র হস্তান্তরের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা দেশের চিকিৎসা শিক্ষা ও আধুনিক অস্ত্রোপচার চিকিৎসার উন্নয়নে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, চিকিৎসক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।