ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করার দাবি বিএনপি নেতার

৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ PM
বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া

বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া © সংগৃহীত ও সম্পাদিত

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীর বড় ভাই। তিন জেলার প্রায় ৮৯ লাখ মানুষের প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় এই ‘যৌক্তিক’ দাবি জানিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কবীর আহমেদ ভূঁইয়া এ দাবি জানান।

তার প্রস্তাব অনুযায়ী, নতুন বিভাগে কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া—এই তিন জেলা অন্তর্ভুক্ত থাকবে। বিভাগীয় সদর দপ্তর হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা। প্রস্তাবিত বিভাগে মোট ৩১টি উপজেলা থাকবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারির তথ্য উল্লেখ করে তিনি পোস্টে লেখেন, কিশোরগঞ্জ জেলার জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। তিন জেলার মোট জনসংখ্যা ৮৯ লাখ ৩৩ হাজার ৭১।

প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ, হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও আখাউড়া স্থলবন্দরকে সমন্বিতভাবে কাজে লাগানো গেলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব।

তিনি মনে করেন, নতুন বিভাগ গঠিত হলে তিন জেলার মানুষের বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক সেবা নেওয়া সহজ হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

প্রস্তাবনায় তিনি আরও উল্লেখ করেন, নতুন বিভাগ গঠনের ক্ষেত্রে তিন জেলার সমান মর্যাদা ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে কোনো জেলা অবহেলিত না হয়। একজন সচেতন নাগরিক হিসেবে নিজের মতামত তুলে ধরেছেন জানিয়ে তিনি বলেন, এ দাবির সঙ্গে অন্যদের দ্বিমত থাকতে পারে।

ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক স্বচ্ছতা ও অব্যবস্থাপনার অভ…
  • ৩০ অক্টোবর ২০২৬
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করার দাবি বিএনপি নেতার
  • ৩০ অক্টোবর ২০২৬
মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬