ভুয়া টিকিট বানিয়ে বিক্রির অভিযোগে আটক রিপন মিয়া ওরফে কালু © টিডিসি
ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে বিক্রির অভিযোগে রিপন মিয়া ওরফে কালু (৩৫) নামের এক কালোবাজারিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত কালু জেলা শহরের উত্তর মৌড়াইলের হারুন মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম ও সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।
এসআই শাহ আলম জানান, দীর্ঘদিন ধরে কালোবাজারিদের একটি চক্র ভুয়া টিকেট বানিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা একটি টিকিটকে কম্পিউটারের মাধ্যমে নাম ও তারিখ বদল করে ফটোকপি করে ১০-১২ জনের কাছে বিক্রি করছেন। ফলে যাত্রীরা ট্রেনে উঠে আসন নিয়ে হয়রানিতে পড়ছেন। একটি আসন নিয়ে একাধিক যাত্রীর মাঝে কথা-কাটাকাটিও হয়েছে।
এসব অভিযোগে দুপুরে স্টেশনে চিহ্নিত টিকিট কালোবাজারি কালুকে আটক করা হয়। এসময় তার কাছে ৪০টি টিকিটে ৮৩টি আসনের ভুয়া টিকিট পাওয়া যায়। তার হোয়াটসঅ্যাপে এমন আরও ভুয়া টিকিট রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম বলেন, আমরা ওই ব্যক্তিকে হাতেনাতে ধরেছি। তাকে এই অপরাধের জন্য তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।