নাদিয়া পাঠান ও রুমিন ফারহানা © টিডিসি সম্পাদিত
বিএনপি ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি বলেছেন, রুমিন ফারহানার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের সহ্যসীমা ক্রমেই অতিক্রম করছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাদিয়া পাঠান।
তিনি বলেন, রুমিন ফারহানার বক্তব্যে দলের নেতাকর্মীদের সহ্যসীমা পার হয়ে যাচ্ছে। আমাদের ধৈর্যেরও একটা সীমা আছে। সহ্যসীমা পার হয়ে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি ওই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
নাদিয়া পাঠান বলেন, ‘বিএনপি রুমিন ফারহানাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করে রাজনৈতিক পরিচিতি দেওয়ার সুযোগ করে দিয়েছিল। অথচ বর্তমানে তিনি দলের প্রতি চরম অকৃতজ্ঞতা প্রকাশ করছেন। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা ও দলীয় বক্তব্য রুমিন ফারহানাকে লিখে দেওয়া হতো এবং তিনি শুধু সেগুলো জনগণের সামনে তুলে ধরতেন।’
আরও দেখুন: স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে নাদিয়া পাঠান আরও বলেন, ‘উনি প্রায়ই বলেন বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে। নিজের যোগ্যতা থাকলে বারবার বাবার নাম জপতে হয় কেন ? নিজের যোগ্যতায় বড় হতে হয়।’
এ সময় রুমিন ফারহানার বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বক্তব্যের মিল রয়েছে বলেও মন্তব্য করেন নাদিয়া পাঠান। তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবান্তর ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন, বর্তমানে যেন সেই দায়িত্বই রুমিন ফারহানা নিজের কাঁধে তুলে নিয়েছেন।’
তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার সাম্প্রতিক একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে নাদিয়া পাঠান বলেন, ‘তারেক রহমান অপুষ্টিতে ভুগছেন এমন অবাস্তব ও জ্ঞানশূন্য কথা উনি কীভাবে বলেন ? উনি কি উনার ব্যক্তিগত চিকিৎসক।’
এদিকে নাদিয়া পাঠানের এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘কে বা কারা আমাকে নিয়ে কী বলেছে তা আমি জানতে চাই না। এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাই না।’