ব্র্যাকের চাকরি ছেড়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মিথিলা

০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ AM
রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা © সংগৃহীত

দুই দশকের পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। ব্র্যাকের সঙ্গে দীর্ঘ ২০ বছরের কর্মজীবন শেষে এবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে (CUNY) শিক্ষকতাও শুরু করেছেন এই অভিনেত্রী ও উন্নয়নকর্মী।

নিজের নতুন পেশাগত যাত্রার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন মিথিলা। সেখানে তিনি জানান, ব্র্যাকের সঙ্গে দুই দশকের সম্পর্কের মধ্যে ১৫ বছর তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন। এবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি।

নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন মিথিলা। প্রারম্ভিক শৈশব বিকাশ (ECD), পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করবে এই উদ্যোগ। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশু ও তাদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, সেবা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

আন্তর্জাতিক উন্নয়ন খাতে অর্জিত নিজের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর সমন্বয় করতে চান মিথিলা। পাশাপাশি তথ্য ও গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে কার্যকর কর্মসূচি তৈরিতে অবদান রাখার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বের পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে (CUNY) অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও শিক্ষকতা শুরু করেছেন মিথিলা। সেখানে তিনি ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াবেন। বাস্তব জীবনে ননপ্রফিট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।

নিজের নতুন যাত্রা সম্পর্কে মিথিলা লিখেছেন, ‘আমার পেশাগত জীবনে এক নতুন অধ্যায়ে পা দিচ্ছি। ব্র্যাকের সঙ্গে দুই দশকের অভিজ্ঞতা অর্জনের পর যার মধ্যে ১৫ বছরই কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে এবার একটি নতুন প্রফেশনাল জার্নি শুরু করছি।’

তিনি আরও লিখেছেন, ‘স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটাতে এবং ডেটা ও প্রমাণ তৈরির মাধ্যমে এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমার বৈশ্বিক অভিজ্ঞতা কলাম্বিয়ায় কাজে লাগাতে পারব বলে আশা করছি।’

নতুন কর্মজীবনের জন্য ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মিথিলা। তিনি বলেন, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো ও মেধাবী গবেষকদের সঙ্গে কাজের সুযোগ তাঁর পেশাগত অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

পোস্টের শেষ দিকে নতুন এই পেশাগত যাত্রার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিথিলা।

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি, সময় পেরিয়েও আদেশ দিতে পারে…
  • ০২ অক্টোবর ২০২৬
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কাদের সঙ্গে কোন ভেন্য…
  • ০২ অক্টোবর ২০২৬
‘গ্রুপ অব ডেথে’ বাংলাদেশ
  • ০২ অক্টোবর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ অক্টোবর ২০২৬