বিরোধী দলের এমপিদের বঞ্চিত করছে সরকার: ডা. মাহমুদা মিতু

২০ জুলাই ২০২৬, ০৯:২৪ AM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০৯:৪৬ AM
ডা. মাহমুদা আলম মিতু

ডা. মাহমুদা আলম মিতু © টিডিসি ফটো

সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার সবাইকে নিয়ে রাজনীতি করার কথা বললেও বাস্তবে বিরোধী দলের সংসদ সদস্যদের বঞ্চিত করছে। তিনি দাবি করেন, এ ধরনের আচরণ প্রমাণ করে সরকার আওয়ামী লীগের আমলের মতোই রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করতে চায়।

রবিবার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভা ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মাহমুদা আলম মিতু বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার পর রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ আশা করেছিলেন, এ এলাকায় উন্নয়নের গতি বাড়বে। কিন্তু বিরোধী দলের এমপি হওয়ায় আমি উন্নয়ন বরাদ্দ আনতে পারছি না।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ৫০ জন এমপির মধ্যে সরকার ৩৭ জনকে বিভিন্ন বরাদ্দ দিয়েছে। অথচ আমাদের ১৩ জন বিরোধী দলের নারী এমপিকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বলেন, তিনি সবাইকে নিয়ে রাজনীতি করতে চান। যদি সত্যিই সবাইকে নিয়ে রাজনীতি করতে চান, তাহলে আমাদের কেন বঞ্চিত করা হলো?

মিতু আরও বলেন, আমাদের বঞ্চিত করে সরকার দেখিয়ে দিয়েছে, তারা আওয়ামী লীগের সময়ের মতোই রাজনীতি করতে চায়। শুধু সরকারই নয়, সরকারি দলের এমপিরাও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সেটিই প্রমাণ করেছেন।

রাজাপুর-কাঁঠালিয়াসহ ঝালকাঠির সার্বিক উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জেলার সড়ক অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক। এখানে চারজন সংসদ সদস্য থাকলেও পর্যাপ্ত উন্নয়ন বরাদ্দ প্রয়োজন। কিন্তু বিরোধী দলের প্রতিনিধি হওয়ায় তিনি কোনো বরাদ্দ পাচ্ছেন না। তবুও জনগণের অধিকার আদায়ে নিজের লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এনসিপির সাংগঠনিক কার্যক্রমের প্রসঙ্গ টেনে ডা. মিতু বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এনসিপি শুরু থেকেই নতুন ধারার রাজনীতির কথা বলছে। মাত্র দুই বছরে দলটি যে জনসমর্থন অর্জন করেছে, তা একটি নতুন রাজনৈতিক দলের জন্য বড় অর্জন।

তিনি বলেন, আমার ছোট ভাই আরিফুর রহমান তুহিন হাসিনাবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা সবাই আন্দোলন-সংগ্রাম করেছি বলেই আজ অনেকেই এমপি-মন্ত্রী হতে পেরেছেন। কিন্তু বরাদ্দের সময় আমাদেরই বঞ্চিত করা হচ্ছে। রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ তুহিনের হাতকে শক্তিশালী করলে আমরা মনে করব, আপনারা আমাদের সেই সম্মানটুকু দিয়েছেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬