জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

১৮ জুলাই ২০২৬, ১০:৫৪ PM
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল © টিডিসি ফটো

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় জেলা ও সদর উপজেলা এনসিপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা রক্ষায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে।

সন্ধ্যায় শহরের পাঁচ রাস্তা মোড় থেকে মশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাটি শুধু একটি স্থাপনার ওপর হামলা নয়, বরং এটি মুক্তিকামী মানুষের চেতনা ও গণ-আকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এনসিপি জামালপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন সাকিল বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আহ্বান করে মন্তব্য করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা রাজপথে দাঁতভাঙা জবাব দেবে।

জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, আজ তারা শুধু জুলাই স্মৃতি স্তম্ভে নয়, বাংলাদেশের হৃদপিণ্ডে আগুন দিয়েছে। নির্বাচনের পর বড় বড় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ছোটোখাটো লোকজনকে ধরা হচ্ছে। প্রকৃত অপরাধীদের যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয়।

সমাবেশে এনসিপি, ছাত্রশক্তি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬