বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায় হামলা, ভাঙচুর

২৪ জানুয়ারি ২০২৬, ০১:৩২ AM
শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে

শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বিশ্বনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর পথসভা শুরুর কিছুক্ষণ আগেই এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশি নিরাপত্তায় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পথসভা শুরুর আগমুহূর্তে বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয় এবং সেখানে থাকা বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমির রেজাউল করিম ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন। তিনি বলেন, এই আসনে বিএনপির পরাজয়ের আশঙ্কা থেকেই জামায়াত কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জামায়াত মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী জানান, এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হবে।

ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, দুই দলের অফিস পাশাপাশি। জামায়াত কর্মীরা আমাদের অফিসের লাইটের ছবি তুলছিল। এ নিয়েই কথা কাটাকাটি হয়েছে। বড় কোনও ঘটনা ঘটেনি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের একপর্যায়ে ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগ ও ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬