এবার মার্কিন সেই হুমকিদাতার পরিচয় প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, হুমকিদাতা ব্যক্তি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজেদের সঙ্গে বৈঠক করে এই হুমকি দেয়া হয় বলে জানান ইমরান। এ খবর দিয়েছে ডন।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি সংসদ ভেঙে দেওয়ার পর রোববার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে যান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন নেতা। এ সময় ইমরান তাদের বলেন, অনাস্থা প্রস্তাবে একটি বিদেশি শক্তির ইন্ধন থাকার বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) যখন নিন্দা জানিয়েছিল, তখনই মূলত বিষয়টি (অনাস্থা ভোট) ‘অপ্রাসঙ্গিক’ হয়ে গেছে।
ইমরান খান জানান, পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে হুমকির বার্তা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজেদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং মাজেদকে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটের পরও যদি ইমরান খান ক্ষমতায় থাকেন, তাহলে এর ফল ভালো হবে না। লু বর্তমানে ভারত সফর করছেন। অভিযোগের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
আরও পড়ুন- পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকছেন ইমরান খান
এদিকে পার্লামেন্ট বিলুপ্ত হওয়ায় ইমরান খান এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন বলে জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ। তবে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি বলছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী ইমরানই দায়িত্বে থাকবেন। যদিও এ নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে।
রোববার (৩ এপ্রিল) মধ্যরাতের পর দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ২২৪ এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান আহমেদ খান নিয়াজি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।’