শেখ হাসিনা © বিবিসি বাংলা
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কয়েকটি শর্ত রয়েছে। চুক্তি অনুযায়ী, যে অপরাধের জন্য কাউকে প্রত্যর্পণ চাওয়া হবে, তা দুই দেশেই কমপক্ষে এক বছর কারাদণ্ডযোগ্য হতে হবে। আবার কোনো অপরাধকে রাজনৈতিক বিবেচনা করে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করার সুযোগও রয়েছে ভারতের। তবে চুক্তিতে কিছু অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনার বাইরে রাখা হয়েছে। ফলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নির্ভর করবে তার বিরুদ্ধে আনা অভিযোগ, চুক্তির সংশ্লিষ্ট ধারা এবং ভারতের আইনি ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল করেছেন তার আইনজীবীরা। এ ঘটনার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ও মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে বলেন, বিষয়টি আইন ও বিচারসংক্রান্ত। আইন অনুযায়ীই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তবে শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেছেন, প্রত্যর্পণ চুক্তিতে কোন পরিস্থিতিতে একজনকে ফেরত পাঠানো যাবে, তা নির্দিষ্ট করে বলা আছে। তার ধারণা, ভারত সম্ভবত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। যদিও শেখ হাসিনা নিজেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
প্রত্যর্পণ কী, কীভাবে হয়
প্রত্যর্পণ হলো এক দেশ থেকে অন্য দেশে কোনো অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে হস্তান্তরের আইনি প্রক্রিয়া। কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে আশ্রয় নিলে সংশ্লিষ্ট দেশ চুক্তি বা আইনের আওতায় তাকে ফেরত চাইতে পারে। তবে এ প্রক্রিয়া শুধু গ্রেপ্তারি পরোয়ানা বা আন্তর্জাতিক পুলিশ সংস্থার নোটিশের ওপর নির্ভর করে না। আবেদনকারী দেশের দেওয়া তথ্য-প্রমাণ, অপরাধের ধরন এবং সংশ্লিষ্ট চুক্তির শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংযুক্ত আরব আমিরাতে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে ফিরিয়ে আনার প্রসঙ্গে বলেছিলেন, তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বেনজীর আহমদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি বা তাকে গ্রেপ্তারের বিষয়টি থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ নিশ্চিত করে না। সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে আবেদনটি পর্যালোচনা করতে হয়। এরপর দেশটির আইন ও প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশে প্রত্যর্পণসংক্রান্ত বিষয়গুলো ১৯৭৪ সালের প্রত্যর্পণ আইন অনুযায়ী পরিচালিত হয়। বাংলাদেশের সঙ্গে ভারত ও থাইল্যান্ডের প্রত্যর্পণ চুক্তি রয়েছে।
বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা আছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি সই হয় ২০১৩ সালের জানুয়ারিতে। এই চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের কাছে উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তর করে। অন্যদিকে ভারত নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠায়।
২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। সংশোধনের ফলে প্রত্যর্পণের আবেদনকারী দেশকে আগের মতো বিস্তারিত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে হয় না। সংশ্লিষ্ট আদালতের বৈধ গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই আবেদন করার সুযোগ তৈরি হয়। তবে এর অর্থ এই নয় যে, পরোয়ানা থাকলেই প্রত্যর্পণ নিশ্চিত হবে। চুক্তির অন্যান্য শর্ত ও প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি প্রক্রিয়াও অনুসরণ করতে হয়।
চুক্তির ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো অপরাধের জন্য প্রত্যর্পণ চাইতে হলে সেটি দুই দেশের আইনেই কমপক্ষে এক বছর কারাদণ্ডযোগ্য হতে হবে। অর্থাৎ অপরাধটির নাম বা শ্রেণিবিন্যাস দুই দেশে এক না হলেও সমস্যা নেই; দুই দেশের আইনেই সেটি নির্ধারিত মাত্রার শাস্তিযোগ্য হতে হবে।
কর, রাজস্ব ও আর্থিক অপরাধও এ শর্ত পূরণ করলে প্রত্যর্পণযোগ্য অপরাধের আওতায় আসতে পারে। শুধু মূল অপরাধ নয়, অপরাধের চেষ্টা, সহায়তা, প্ররোচনা বা অংশগ্রহণের বিষয়ও চুক্তির আওতায় বিবেচিত হতে পারে।
চুক্তির ৩ নম্বর অনুচ্ছেদে একাধিক কাজের সমন্বয়ে সংঘটিত অপরাধের বিষয়ে বলা হয়েছে। কোনো অপরাধের একটি অংশ যদি অনুরোধ গ্রহণকারী দেশে সংঘটিত হয়, তবুও সামগ্রিক ঘটনা বিবেচনায় তা প্রত্যর্পণযোগ্য হতে পারে—যদি আবেদনকারী দেশের আইনে ওই কাজ ও তার পরিণতি অপরাধ হিসেবে গণ্য হয়।
‘রাজনৈতিক অপরাধ’ হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ
চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ কোনো অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হলে ভারত প্রত্যর্পণের আবেদন নাকচ করতে পারে। তবে সব অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। চুক্তিতে কিছু অপরাধকে স্পষ্টভাবে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসব অপরাধের মধ্যে রয়েছে হত্যা, অপরাধমূলক নরহত্যা, বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক রাখা, গ্রেপ্তার এড়াতে আগ্নেয়াস্ত্র রাখা বা ব্যবহার, মানুষের জীবন বিপন্ন করে সম্পদের ক্ষতিসাধন, অপহরণ, বেআইনি আটক, জিম্মি করা এবং হত্যায় উসকানি দেওয়া। এ ছাড়া বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তির আওতায় শাস্তিযোগ্য অপরাধও রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে বিবেচিত হতে পারে।
অর্থাৎ কোনো অপরাধের সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট যুক্ত থাকলেই সেটিকে রাজনৈতিক অপরাধ বলে প্রত্যর্পণ এড়ানোর সুযোগ নেই। অপরাধের ধরন ও চুক্তিতে উল্লেখ করা ব্যতিক্রমগুলো বিবেচনা করতে হবে।
যেসব কারণে প্রত্যর্পণ আটকে যেতে পারে
চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের আরও কিছু কারণ উল্লেখ করা হয়েছে। কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা অন্যায্য বা নিপীড়নমূলক হবে বলে মনে হলে আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে। অপরাধটি খুব সামান্য হলে, অপরাধ সংঘটন বা অভিযুক্তের পালিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলে কিংবা প্রত্যর্পণ ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় নয় বলে বিবেচিত হলে আবেদন নাকচ করার সুযোগ রয়েছে।
এসব শর্তের কারণে প্রত্যর্পণের আবেদন পাওয়ার পরও সংশ্লিষ্ট দেশকে বিষয়টি বিচার-বিশ্লেষণ করতে হয়। শুধু আবেদনকারী দেশের দাবি বা অভিযোগের ভিত্তিতে কাউকে হস্তান্তর করার বাধ্যবাধকতা তৈরি হয় না।
শেখ হাসিনার ক্ষেত্রে কী হতে পারে
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। এর মধ্যে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন। তবে শেখ হাসিনা ওই রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। বর্তমান বিএনপি সরকারও তাকে দেশে ফেরানোর বিষয়ে প্রত্যর্পণ চুক্তির কথা বলছে।
তবে চুক্তিতে প্রত্যর্পণের সুযোগ থাকলেই ভারত তাকে ফেরত দিতে বাধ্য—এমন নয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ চুক্তির আওতায় পড়ে কি না, রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম প্রযোজ্য কি না এবং প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্য কোনো কারণ রয়েছে কি না, সেসব বিষয় পর্যালোচনা করতে হবে। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।-বিবিসি বাংলা