বামে গিতা-ববিতার সাথে রীতিকা, ডানে দঙ্গল সিনোমার অভিনেতা-অভিনেত্রী © ফাইল ফটো
আত্মহত্যা করেছেন ভারতীয় কুস্তির ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র গীতা ও ববিতা ফোগাটের চাচাতো বোন রীতিকা। সম্প্রতি এক কুস্তি প্রতিযোগিতার ফাইনালে হেরে যান তিনি। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরেই অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন হরিয়ানা রাজ্যের এই নারী কুস্তিগীর।
বুধবার (১৭ মার্চ) স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে গীতা-ববিতার বাবা মহাবীর ফোগতের বাড়িতেই রীতিকা আত্মহত্যা করেন। নিজের মেয়েদের মতোই রীতিকাকেও প্রশিক্ষণ দিতেন মহাবীর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, মাত্র ১৭ বছর বয়সী কুস্তিগীর রীতিকা খ্যাতি অর্জন করেছিলেন। রাজ্য স্তরের সাব-জুনিয়র বিভাগে খেলতেন তিনি। ভরতপুরে গত ১৪ মার্চ একটি কুস্তি প্রতিযোগিতার ফাইনালে অংশ নেন রীতিকা। সেখানে প্রতিপক্ষের বিপক্ষে পরাস্ত হন। মাত্র এক পয়েন্টের জন্য হেরে যান রীতিকা। তারপর থেকেই হতাশায় ভেঙে পড়েন। হারের দিন মনমরা হয়ে ছিলেন তিনি। পরদিনই তার চাচার বাড়ি থেকে উদ্ধার হয় রীতিকার নিথর দেহ।
রীতিকার চাচাত ভাই হরবিন্দর ফোগত জানিয়েছেন, এই আকস্মিক ও অপ্রত্যাশিত অঘটনের ঘটনায় পুরো পরিবারই শোকাচ্ছন্ন। নবীন এই ক্রীড়াবীদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ক্রীড়াঙ্গনেও।
হরিয়ানার চারখি দাদরা জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট রাম সিং বিষ্ণোই জানিয়েছেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। রীতিকার আত্মহত্যার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
মৃত রীতিকার চাচাত বোন গীতা ২০১০ কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে স্বর্ণ জিতেছিলেন। তিনিই ভারতের প্রথম নারী কুস্তিগির হিসেবে ২০১২ সালে অলিম্পিকে অংশ নেন। গীতার জীবনকাহিনী নিয়েই নির্মিত হয় আমির খান অভিনীত বিখ্যাত ভারতীয় সিনেমা ‘দঙ্গল’।