রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সুনীল কুমার মণ্ডল © টিডিসি ফটো
হার্ট অ্যাটাকড হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সুনীল কুমার মণ্ডলকে বাঁচাতে আর্থিক সহায়তার জন্য আকুতি জানিয়েছেন তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই সন্তান।
গত ২৭ ফেব্রুয়ারি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম কৃষক বাবাকে। আর্থিকভাবে অসচ্ছল সুনীল কুমার মণ্ডলের কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, তাকে এই মুহূর্তে বিদেশ নিয়ে যেতে পারলে হয়তো বাঁচানো সম্ভব হবে। আর এজন্য ব্যয় হবে প্রায় ১২ লাখ টাকা। যা জোগাড় করতে অক্ষম পরিবারটি।
সুনীল কুমারের এক ছেলে সজীব কুমার মণ্ডল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বাসুদেবপুর গ্রামে।
তার বড়ভাই সবুজ কুমার মণ্ডল পড়ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আর্থিক অসচ্ছলতার মাঝে পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা হওয়ায় চিকিৎসা ব্যয়ভার বহনে অক্ষম হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই শিক্ষার্থীদের পরিবার।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান, কিডনির সমস্যা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দেশের বাহিরে নেওয়া প্রয়োজন। ফলে তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১২ লাখ টাকা। এমতাবস্থায় তার পারিবারের পক্ষে এত টাকা জোগাড় না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে এই দুই ভাই।
মুমুর্ষূ বাবার অবস্থার কথা জানিয়ে সজীব বলেন, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মোহা.নূরুল ইসলাম ও কার্ডিওলোজিস্ট ডা. মো. রইস উদ্দিনের তত্ত্বাবধানে তার বাবার চিকিৎসা চলছে।
সজীবের বড় ভাই সবুজ বলেন, আমাদের পরিবারের সর্বস্ব দিয়েও এই মুহূর্তে আমার পরিবারের পক্ষে বাবার চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। আমাদের নিজস্ব সম্বল বলতে তেমন কিছুই নেই। নিজের চোখের সামনে বাবার এমন মুমূর্ষু অবস্থা, অথচ কিছুই করতে পারছি না এর চেয়ে কষ্টকর কিছু নেই।
এসময় বাবাকে বাঁচাতে সমাজের বিত্তবান সহৃদয় ব্যক্তিবর্গের নিকট সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই দুই ভাই। যোগাযোগ- সজীব কুমার মণ্ডল: ০১৭৯৩৪২৭৯৫৯। ০১৭৯৩৪২৭৯৫৯ (নগদ) ও ০১৭৯৩৪২৭৯৫৯ (বিকাশ) এই নম্বরে সাহায্য পাঠানো যাবে।