© ফাইল ছবি
অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার জন্য আড়াই দিনেই টেস্ট হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। চার টেস্টের সিরিজে ইতোমধ্যেই ০-১ পিছিয়ে ভারত। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বিরাট কোহলি দুষলেন দলের ব্যাটসম্যানদের মানসিকতাকে এবং পরিকল্পনার অভাবকেই। ভারতের টেস্ট ইতিহাসে এটিই সর্বনিম্ন স্কোর।
বিরাট কোহলির অধীনে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের এ কী হাল! মানতেই পারছেন না ভারতবাসী। তাই ভারতের এই ঐতিহাসিক লজ্জার দায়ভার শুধু কোহলির ওপর চাপিয়েই ক্ষান্ত হননি তারা। কোহলির সন্তানসম্ভবা স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ওপরও ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। দেশটির দলের এই ব্যর্থতার সঙ্গে আনুশকার যোগসূত্রতা খুঁজছেন ভারতীয়রা। ‘নোংরা’ সমালোচনার শিকার হচ্ছেন সন্তানসম্ভবা আনুশকা।
শনিবার(১৯ ডিসেম্বর) থেকেই দেশটির সোশ্যাল মিডিয়ায় কোহলি ও তার স্ত্রীকে কেন্দ্র করে নানা ট্রল, মিম আর ব্যঙ্গাত্মক পোস্ট দেখা যাচ্ছে।
অনেকেই মিম শেয়ার করেছেন যেখানে লেখা রয়েছে– ‘আনুশকা সন্তানসম্ভবা, আমায় তাড়াতাড়ি ফিরতে হবে। তোমরাও তাড়াতাড়ি কর।’ খেলা শুরু হওয়ার আগে নাকি ব্যাটসম্যানদের এমন কথা বলেছিলেন বিরাট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া মিমে ভারত অধিনায়কের মুখে এ কথা বসানো হয়েছে।
আরেকটি মিমে দেখানো হয়েছে– অনুশকাকে বলছেন কোহলি ‘শুনো, আমরা আরসিবির সর্বনিম্ন স্কোরের রেকর্ড ভেঙে দিয়েছি।’ কোহলিকে খোঁচা দিয়ে অনেকে লিখেছেন– ‘কোহলি একজন আদর্শ স্বামী। আনুশকা অপেক্ষা করতে চাইলেও কোহলি কিছুতেই তাকে অপেক্ষা করাতে চান না।’
তবে কেউ কেউ আবার এমন সব মিমের প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন, ভারত দলের ব্যর্থতায় আনুশকাকে এভাবে কাঠগড়ায় তোলা একেবারেই যুক্তিহীন।
একজনকে লিখতে দেখা গেছে, ‘ভারতীয়রা ক্রিকেট ভালোবাসলেও ক্রিকেটটা একেবারেই বোঝে না। কোহলি বা তার দল ব্যর্থ হলেই ট্রেন্ডিংয়ে আনুশকা কী করে থাকেন?।’ তবে এবারই প্রথম নয়, ভারত দল বা কোহলির ব্যর্থতায় অনেকবার ট্রলের শিকার হয়েছেন আনুশকা।
এর আগেও অনেকবার এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে আনুশকাকে। কিন্তু এসব নিয়ে কখনই তেমন কোনো জবাব দেননি এই অভিনেত্রী।
শুধু এবারের আইপিএলের শুরুর দিকে বিরাটের অফ-ফর্ম নিয়ে সুনীল গাভাস্কারের একটি মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আনুশকা।
সূত্র: কলকাতা নিউজ২৪