© টিডিসি ফটো
করোনা মহামারিতে যখন সারাদেশ ঘরবন্দী, দিন মজুরের কর্ম নেই, পথবাসীদের পেটে আহার নেই, সেই ক্রান্তিলগ্নে করোনার ভয়কে লাল কার্ড দেখিয়ে অসহায়, কর্মহীন ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ‘শো-অফ ফাউন্ডেশন’।
জানা গেছে, তারা এখন পর্যন্ত দুই হাজারের বেশী মানুষকে খাদ্যসামগ্রী প্রদান করেছে। প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন তারা ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে খাদ্য বিতরণ করে।
এ সম্পর্কে জানতে চাইলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরাফাত জামান বলেন, ‘লকডাউন এর কারণে হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় রোগী ও ভিজিটরদের জন্য আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি।’
এছাড়াও শো-অফ ফাউন্ডেশন প্রতিদিন ৩০০ মানুষের সেহরি ও ইফতারে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন বলে জানান তারা। শো-অফ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক-জুবাইর আল ফাহিম বলেন, মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী সাহরি ও ইফতার কার্যক্রম চালু থাকবে।
তারা আরো বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০ পবিত্র কোরআন শরীফ বিতরণের উদ্যোগ নিয়েছেন তারা। এছাড়া আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০০০ জন শিশু-কিশোরকে নতুন জামা বিতরণের উদ্যোগ নিয়েছে শো-অফ ফাউন্ডেশন।
পাশাপাশি মহামারী পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন, পথশিশুদের শিক্ষা কার্যক্রম’র জন্য ‘এডুকেশন বুথ’ নামে পথস্কুল চালুসহ ভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে ‘শো-অফ ফাউন্ডেশন’।