© সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন ভারতের এক চিকিৎসক। শুধু দাবিই নয়; তার বানানো ওষুধ খেলে মাত্র ২৪ ঘণ্টায় আক্রান্তের দেহে ভাইরাসটি অকার্যকর হবে ও রোগমুক্তি মিলবে বলে জানান এই চিকিৎসক।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ডা. থানিকাসালাম বেনি নামে তামিলনাড়ুর ওই চিকিৎসক মূলত আয়ুর্বেদ ও সিদ্ধ ওষুধ ব্যবহার করে থাকেন। তিনি দাবি করেছেন, বিভিন্ন ধরনের গাছ-গাছড়ার নির্যাস থেকে যে ওষুধ তৈরি করেছেন, তা ডেঙ্গুসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের রোগ সারাতে সক্ষম।
বার্তাসংস্থা এএনআই’কে ওই চিকিৎসক বলেন, ‘আমরা বিভিন্ন ঔষধি গাছের নির্যাস থেকে ওষুধ প্রস্তুত করেছি। এটি জ্বর-জাতীয় যেকোনও রোগ সারাতে খুবই কার্যকর। করোনাভাইরাসের কোনো ওষুধ নেই। এ বিষয়ে বিশেষজ্ঞরা এখনো সফল হতে পারেনি। কিন্তু আমাদের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে ডেঙ্গু, মাল্টি-অর্গান ফেভার ও অ্যাকিউট লিভার ফেবারের চিকিৎসা করা যায়।’
ভারতের এই চিকিৎসক বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীন সরকারকে বলতে চাই, আমাদের ওষুধ করোনা-জ্বরের চিকিৎসাতেও কার্যকর।’
তিনি আরও দাবি করেন, করোনাভাইরাসের সংক্রমণ মাত্র ২৪ থেকে ৪০ ঘণ্টার মধ্যেই সারানো সম্ভব। কারণ তাদের ওষুধে এর আগে ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাওয়া, যকৃতের সমস্যা, রক্তের শ্বেত কণিকা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার চিকিৎসার ক্ষেত্রে একই সময় লেগেছে।
ডা. থানিকাসালাম বলেন, ‘আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, আমাদের ওষুধ করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকরী হবে।’
ডা. থানিকাসালামের এমন দাবি কতটা যৌক্তিক বা আসলেই কি তার আবিষ্কৃত আয়ুর্বেদিক ওষুধ করোনাভাইরাস সংক্রামণ সারাতে পারবে কিনা সে বিষয়ে অন্য কোনো ভাইরোলজিস্ট নিশ্চিত করতে পারেননি।