১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে নোবেলজয়ী মালালা

০৭ মার্চ ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
মালালা ইউসুফজাই

মালালা ইউসুফজাই © ফাইল ফটো

১৩ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিজ এলাকা শাংলায় ফিরেছেন নোবেল বিজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। ২০১২ সালে ওই প্রদেশেরই সোয়াত জেলায় তালেবান গোষ্ঠীর একটি প্রাণঘাতী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর সৌভাগ্যজনকভাবে তিনি বেঁচে গিয়েছিলেন।

শুক্রবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত বুধবার একটি গোপন সফরে এবং উচ্চ নিরাপত্তা বেষ্টিত হয়ে নিজের এলাকায় যান। সেখানে তিনি আত্মীয়দের সঙ্গে দেখা করেন, ঘুরে বেড়ান এবং একটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান।

সামাজিক যোগাযোগমাধ্যমে বরফাচ্ছাদিত পাহাড় ও নদীর পটভূমিতে তোলা একটি ছবি শেয়ার করে মালালা জানান, দীর্ঘ এক যুগ পর নিজ শহরে ফিরে তিনি আনন্দ অনুভব করছেন। তিনি লিখেছেন, ‘ছোটবেলায় আমি প্রতিটি ছুটি শাংলায় কাটাতাম, নদীর ধারে খেলতাম এবং পরিবারের সঙ্গে সময় কাটাতাম।’

২৭ বছর বয়সী মালালা আরও লিখেছেন, ‘১৩ বছর পর আবার ফিরে এসে পাহাড়ঘেরা পরিবেশে আত্মীয়দের সঙ্গে হাস্যরসে মেতে উঠতে পারাটা সত্যিই আনন্দের।’

তিনি লিখেন, ‘এই স্থানটি আমার হৃদয়ের খুব কাছের এবং আমি বারবার এখানে ফিরে আসতে চাই।’

২০১২ সালের অক্টোবর মাসে পাকিস্তানি তালেবানের এক বন্দুকধারী একটি স্কুলবাসে ঢুকে মালালাকে গুলি করেছিল। তখন তাঁর বয়স ছিল ১৪ বছর। ফেসবুকে মেয়েদের শিক্ষার পক্ষে একটি পোস্ট দেওয়ার কারণেই তিনি এমন হামলায় শিকার হন। পরে তাঁকে বাঁচাতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় যুক্তরাজ্যে।

দুই বছর পর ২০১৪ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি ভারতীয় শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থীসহ যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।

গত ১৩ বছরে তিনি পাকিস্তানে বেশ কয়েকবারই সফর করেছেন। তবে এবারই প্রথম তিনি তাঁর নিজের শহরে ফেরেন। তাঁর আগমনকে ঘিরে কড়াকড়ি আরোপ করা হয় পুরো এলাকাজুড়ে। তাঁর আগমনের সময়টিতে কিছু এলাকার রাস্তা-ঘাট আটকে দেওয়া হয়। হেলিকপ্টারে করে তাঁর সঙ্গে স্বামী এবং তাঁর বাবাও উপস্থিত ছিলেন।

একজন সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, মালালার সফরটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। এমনকি স্থানীয় বাসিন্দারাও তাঁর আগমনের বিষয়ে জানতেন না।

মালালা বারকানা গ্রামে তাঁর আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি কলেজ পরিদর্শন করেন। এই কলেজে মেয়েদের বিনা মূল্যে শিক্ষা দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা আমজাদ আলম খান জানান, মালালা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, ক্লাস পরিদর্শন করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অধ্যবসায়ের আহ্বান জানান। ‘মালালা ফান্ডের’ মাধ্যমে ওই কলেজে বিনা মূল্যে উচ্চমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ ছাড়া সম্প্রতি বান্নু অঞ্চলের সামরিক ছাউনিতে সংঘটিত আত্মঘাতী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মালালা। এই হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক ও ৫ জন নিরাপত্তা কর্মী নিহত হন। আহত হয়েছেন আরও ৪২।

মালালা বলেন, ‘আমি আমাদের সুন্দর দেশের প্রতিটি কোনায় শান্তি কামনা করি। বান্নুতে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলা হৃদয়বিদারক। নিহত ও আহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং আমি আমার মাতৃভূমির প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য প্রার্থনা করি।’

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950