পিএইচডি ছাত্র ও ভারতীয় নাগরিক বিলাল কাজী © সংগৃহীত
যুক্তরাজ্যের চেস্টার বিশ্ববিদ্যালয়ের রসায়নের পিএইচডি ছাত্র ও ভারতীয় নাগরিক বিলাল কাজীকে অনলাইনে কিশোরের ছদ্মবেশে তরুণীদের যৌন হয়রানি ও প্রতারণার অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) চেস্টার ক্রাউন কোর্টে বিলাল কাজীর সাজা ঘোষণা করা হয়। একাধিক শিশু যৌন নির্যাতন সংক্রান্ত অপরাধে দোষ স্বীকার করার পর এ দণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি জেল থেকে মুক্তির পর আরও আট বছর বর্ধিত লাইসেন্সের অধীনে থাকতে হবে তাঁকে। অর্থাৎ, মুক্তির পরেও নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশাসনের নজরদারি ও বিধিনিষেধের মধ্যে থাকতে হবে। ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS) জানিয়েছে, শিশুদের অনলাইনে প্রলুব্ধ করে যৌন শোষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগ অত্যন্ত গুরুতর।
‘রিস’ নামের একটি ভুয়া অনলাইন প্রোফাইল খুলে মূলত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের লক্ষ্যবস্তু বানাতেন বিলাল। দশ বছর বয়সী শিশুদের সঙ্গেও প্রেমের সম্পর্ক স্থাপনের মিথ্যা অভিনয় করে তাদের কাছ থেকে আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। ছবি দিতে রাজি না হলে তাদের নানা ধরনের হুমকি দিতেন।
আদালতে প্রসিকিউশন পক্ষ জানায়, কাজীর হয়রানির শিকার এক ১৩ বছর বয়সী ভুক্তভোগীর একটি অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর সে আত্মহত্যার চেষ্টা করে, যা তার প্রায় কয়েকশ’ বন্ধু দেখতে পায়। মামলায় প্রাথমিক পর্যায়ে ৭১ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হলেও তদন্তকারীদের ধারণা, এই সংখ্যা ১৮০ পর্যন্ত হতে পারে।
চেস্টার আদালতের অনারারি রেকর্ডার ও বিচারক স্টিভেন এভারেট রায়ে বলেন, অভিযুক্ত এমন শিশুদের টার্গেট করেছিলেন যারা নিজেদের বাড়িতে সম্পূর্ণ নিরাপদ মনে করত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যথাযথ নিরাপত্তার অভাবের সুযোগ নিয়ে তরুণ-তরুণীদের শোষণের এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে উল্লেখ করেন আদালত।
তদন্তে জানা গেছে, মুম্বাইয়ের বাসিন্দা বিলাল কাজী বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলে স্নাতকোত্তর শেষ করার পর স্টুডেন্ট ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও যুক্তরাজ্যেই অবস্থান করছিলেন। ২০২১ সালে এক ভুক্তভোগীর ছবি ছড়িয়ে পড়ার পর প্রথম পুলিশ এ বিষয়ে নড়েচড়ে বসে। পরবর্তীতে ২০২৩ সালের জুলাই মাসে কুয়েত থেকে ফেরার পথে হিথ্রো বিমানবন্দর থেকে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়।
পুলিশের ফরেনসিক পরীক্ষায় তার মোবাইল ও বার্মিংহামের বাসায় থাকা বিভিন্ন ডিভাইস থেকে ৯ শতাধিক অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। জামিনে মুক্ত থাকা অবস্থায় গোপনে নতুন মোবাইল কিনে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ায় ২০২৫ সালের মার্চ ও আগস্ট মাসে তাকে পুনরায় গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানো হয়।
প্ররতারণার শিকার হওয়া ১২ বছর বয়সী এক ভুক্তভোগী তরুণী জানান, তিনি অজান্তেই একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কাছে নিজের আপত্তিকর ছবি পাঠিয়ে দিয়েছেন—এই উপলব্ধি তাকে ‘বিচলিত, অসহায় এবং গভীরভাবে অস্বস্তিকর’ করে তুলেছে। তিনি বলেন, ‘আমি উদ্বেগে ভুগেছি এবং প্রায়ই চিন্তা করি ছবিগুলো কে দেখেছে, সেগুলো এখনও আছে কিনা এবং পুনরায় শেয়ার করা হতে পারে কিনা।’
ডিটেকটিভ সার্জেন্ট রস পিল বলেছেন, ‘ভুক্তভোগীদের তাদের অভিজ্ঞতার জন্য কখনোই লজ্জিত হওয়া উচিত নয়। এই অপরাধগুলোর দায়ভার সম্পূর্ণরূপে অপরাধীর উপর বর্তায়, এবং আমরা চাই যে, যারা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, তারা যেন জানেন যে তাদের কথা শোনা হবে, সমর্থন করা হবে এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।’
অভিভাবকদের প্রতি তিনি বার্তা দেন, ‘আপনারা আপনাদের সন্তানদের সাথে কথা বলুন এবং তারা যে অ্যাপ ও প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে, সেগুলোতে আগ্রহ দেখান। অনলাইনে অপরাধ সংঘটনের সম্ভাবনা ব্যাপক, এবং অপরাধীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিশুদের লক্ষ্যবস্তু করতে পারে।’
তিনি আরও বলেন, ‘অনলাইন নিরাপত্তা এবং অনলাইনে অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগের ঝুঁকি সম্পর্কে নিজেদের ও সন্তানদের শিক্ষিত করার মাধ্যমে, আপনারা তাদেরকে অপরাধের শিকার হওয়া থেকে রক্ষা করতে পারেন – যার প্রভাব হতে পারে সুদূরপ্রসারী ও দীর্ঘস্থায়ী। আমি আশা করি, এই মামলাটি অসহায় মানুষদের সুরক্ষা এবং শিশু যৌন শোষণের অবসান ঘটানোর ব্যাপারে আমাদের অঙ্গীকার তুলে ধরবে।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি