বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?

১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ PM
ইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

ইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। © সংগৃহীত

দীর্ঘ ১৩ বছর বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে এখন সেই অবস্থান থেকে অনেকটাই পিছিয়ে গেছেন তিনি। ফোর্বসের ১৪ নভেম্বরের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ১২২ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ১৬তম।

বিল গেটসের সম্পদ কমে যাওয়ার পেছনে তার দানশীলতা, মাইক্রোসফটে মালিকানার অংশ কমিয়ে আনা এবং বিনিয়োগের ধরনে পরিবর্তনকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উত্থানেও শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থানের পরিবর্তন হয়েছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বিল গেটস ইতিমধ্যে তার প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ৫৯ বিলিয়ন ডলারের বেশি দান করেছেন। ২০০০ সালে সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে সঙ্গে নিয়ে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন তিনি। বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে প্রতিষ্ঠানটি।

২০২৫ সালের মে মাসে নিজের দানশীলতার পরিকল্পনায় আরও বড় পরিবর্তনের ঘোষণা দেন বিল গেটস। তিনি জানান, জীবদ্দশায় নিজের অবশিষ্ট সম্পদের প্রায় পুরোটাই ফাউন্ডেশনে দান করবেন। আগামী দুই দশকে এসব অর্থ ব্যয় করা হবে। ২০৪৫ সালের ৩১ ডিসেম্বর ফাউন্ডেশনটি বন্ধ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বিবাহবিচ্ছেদ ও সম্পদ হস্তান্তর
২০২১ সালে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। বিবাহবিচ্ছেদের পর সম্পদ ভাগাভাগির অংশ হিসেবে মেলিন্ডার কাছে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার হস্তান্তর করেন বিল গেটস।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, বিবাহবিচ্ছেদের সময় মেলিন্ডার কাছে অন্তত ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের শেয়ার হস্তান্তর করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথিতেও ২০২১ সালের মে মাসে মাইক্রোসফটের ১ কোটি ৪০ লাখের বেশি শেয়ার হস্তান্তরের তথ্য রয়েছে।

প্রযুক্তি খাতে নতুন ধনকুবেরদের উত্থান
বিল গেটসের অবস্থান পিছিয়ে পড়ার আরেকটি কারণ প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের দ্রুত উত্থান। কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-কমার্স, সামাজিক যোগাযোগমাধ্যম, ক্লাউড কম্পিউটিং ও বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় প্রবৃদ্ধির কারণে ইলন মাস্ক, জেফ বেজোস ও মার্ক জাকারবার্গের মতো উদ্যোক্তাদের সম্পদ বেড়েছে।

অন্যদিকে, বিল গেটস মাইক্রোসফটের অধিকাংশ শেয়ার আগেই বিক্রি বা দান করেছেন। তার বিনিয়োগও বিভিন্ন খাতে ছড়িয়ে রয়েছে। ফলে মাইক্রোসফটের শেয়ারের মূল্যবৃদ্ধি থেকে অন্য বড় শেয়ারধারীদের মতো সরাসরি সুবিধা পাচ্ছেন না তিনি।

ফোর্বসের তালিকা অনুযায়ী, ১৪ নভেম্বর বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানে রয়েছেন ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ৮৮৭ দশমিক ২ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা জেফ বেজোসের সম্পদ ৩৮৪ দশমিক ৬ বিলিয়ন ডলার।

১৯৯৫ সালে প্রথমবার বিশ্বের শীর্ষ ধনী হন বিল গেটস। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ১৩ বছর শীর্ষস্থান ধরে রাখেন তিনি। পরে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আবারও শীর্ষ ধনীর অবস্থানে ছিলেন। সব মিলিয়ে ২৩ বছরের মধ্যে ১৮ বছর বিশ্বের শীর্ষ ধনী ছিলেন এই প্রযুক্তি উদ্যোক্তা।

সূত্র: ফোর্বস, অ্যাসোসিয়েটেড প্রেস ও এবিসি নিউজ।

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950