এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়

১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় ও অ্যাসাইনমেন্টে অসদুপায় অবলম্বন ঠেকাতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত মূল্যায়ন পদ্ধতিতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইংল্যান্ডের উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা। এ জন্য সরাসরি শ্রেণিকক্ষে লিখিত পরীক্ষা, মৌখিক উপস্থাপনা এবং শিক্ষকদের মুখোমুখি পরীক্ষার মতো পদ্ধতি চালুর ওপর জোর দিয়েছে সংস্থাটি। সতর্কবার্তায়, এআইয়ের অপব্যবহার ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোকে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।

ইংল্যান্ডের উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফিস ফর স্টুডেন্টস (ওএফএস) বলেছে, এআই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, মূল্যায়নের নিরপেক্ষতা এবং সুনামের জন্য ‘প্রজন্মগত ঝুঁকি’ তৈরি করেছে। তবে শিক্ষাদানের মান উন্নয়নে এ প্রযুক্তির ‘বিপুল সুযোগ’ রয়েছে বলেও স্বীকার করেছে সংস্থাটি। তাদের মতে, এআই ব্যবহার করে অসদুপায় অবলম্বনের প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক হয়ে উঠছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত শেখার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শিক্ষার্থীদের ওপর পরিচালিত বিভিন্ন জরিপে দেখা গেছে, ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট তৈরিতে এআই ব্যবহার করছে। এ পরিস্থিতিতে কিছু বিশ্ববিদ্যালয় তাদের মূল্যায়ন পদ্ধতি নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে মধ্যযুগীয় সময়ের মৌখিক পরীক্ষাপদ্ধতি বা ‘ভাইভা ভোসে’ আবারও চালুর বিষয়টিও রয়েছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ওএফএস জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এআই মোকাবিলার পদ্ধতিতে ‘ব্যাপক পার্থক্য’ রয়েছে। চার বছর আগে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে এআই নিয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরিতে নিয়ন্ত্রক সংস্থাটি নিজেও ধীরগতিতে কাজ করেছে বলে যে সমালোচনা রয়েছে, প্রতিবেদনে তা স্বীকার করা হয়েছে।

প্রতিবেদনে কিছু বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন পদ্ধতি নতুন করে সাজানোর উদ্যোগের প্রশংসা করা হয়েছে। তবে অনেক বিশ্ববিদ্যালয় এখনো তত্ত্বাবধানহীন কোর্সওয়ার্ক বা বাড়িতে সম্পন্ন করা অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করছে। ওএফএসের মতে, এ ধরনের মূল্যায়ন পদ্ধতি এআইয়ের অপব্যবহারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা প্রায়ই অভিযোগ করেন, তাদের সহপাঠীদের কেউ কেউ এআই ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে অ্যাসাইনমেন্ট শেষ করছেন। অথচ নিজেরা পরিশ্রম করে কাজ করা শিক্ষার্থীদের মতোই নম্বর পাচ্ছেন তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, অনেক শিক্ষার্থী ‘উচ্চ নম্বর পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হিসেবে এআইকে দেখছেন’। যারা নিজেরা এই শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করছেন না, তারা মনে করছেন, অন্যদের তুলনায় তারা পিছিয়ে পড়ছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন, তারা প্রায়ই একই ধরনের লেখার ধরন ও একই রেফারেন্স ব্যবহার করা অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছেন। কিছু শিক্ষকের বক্তব্য, ‘বর্তমানে কোর্সওয়ার্কের অধিকাংশই আংশিকভাবে অথবা সম্পূর্ণভাবে এআইয়ের সহায়তায় লেখা হচ্ছে।’

ওএফএসের কৌশলবিষয়ক পরিচালক জশ ফ্লেমিং বলেন, এআই ‘ব্যবস্থার জন্য একটি প্রজন্মগত ঝুঁকি তৈরি করছে’ এবং শিক্ষার্থীদের ন্যায্যভাবে মূল্যায়ন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, ‘এসব ঝুঁকি মোকাবিলায় আমাদের আরও অনেক বেশি উদ্যোগ দেখতে হবে। এর মধ্যে এআইমুক্ত মূল্যায়ন পদ্ধতির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন।’ তার মতে, এআইয়ের কারণে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা যাচাই করা কঠিন হয়ে পড়ছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়নের প্রচলিত পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

এআই শনাক্ত করার সফটওয়্যার নিয়েও সতর্ক করেছেন ফ্লেমিং। তিনি বলেন, এসব সফটওয়্যার এখনো এতটা নির্ভরযোগ্য নয় যে, সেগুলোর ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তার ভাষায়, ‘শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের সুযোগই থাকবে না, এমনভাবে মূল্যায়ন পদ্ধতি তৈরি করাই অনেক ভালো।’ এ লক্ষ্য সামনে রেখে ওএফএস নতুন নির্দেশনা জারি করেছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোকে সরাসরি উপস্থিতিতে পরীক্ষা, উপস্থাপনা এবং মৌখিক পরীক্ষার মতো ‘নিরাপদ মূল্যায়ন পদ্ধতি’ আরও বেশি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটির নতুন করে সাজানো মাননিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় বিশ্ববিদ্যালয়গুলোকে প্রমাণ করতে হবে, তাদের মূল্যায়ন পদ্ধতি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এআই ব্যবহার করে অনিয়মের সুযোগ না থাকে। তবে প্রতিবেদনে এআইয়ের ইতিবাচক দিকও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, যথাযথভাবে ব্যবহার করা হলে এ প্রযুক্তি শিক্ষার্থীদের দ্রুত ও ব্যক্তিকেন্দ্রিক মতামত বা ফিডব্যাক দিতে পারে। পাশাপাশি শিক্ষকদের আরও উন্নত শিক্ষাসামগ্রী তৈরিতেও সহায়তা করতে পারে। অর্থাৎ এআইয়ের ব্যবহার পুরোপুরি বন্ধ করার পরিবর্তে এর অপব্যবহার ঠেকিয়ে শিক্ষার মান উন্নয়নে প্রযুক্তিটিকে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

ফ্লেমিং বিশ্ববিদ্যালয়গুলোকে এ বিষয়ে আগেভাগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা এসে সমস্যা খুঁজে বের করার জন্য অপেক্ষা না করে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত এখনই এ বিষয়ে এগিয়ে আসা।’ এ ক্ষেত্রে ইউনিভার্সিটি অব বাথের উদ্যোগের প্রশংসা করেন তিনি। বিশ্ববিদ্যালয়টির ‘টু-লেন অ্যাপ্রোচ’ বা দুই ধরনের মূল্যায়ন পদ্ধতি রয়েছে। এর একটি হলো এমন পরীক্ষা, যেখানে শিক্ষার্থীরা এআই ব্যবহারের সুযোগ পান না। অন্যটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে এআই ব্যবহার করা হবে—এটি ধরে নিয়েই মূল্যায়ন পদ্ধতি সাজানো হয়েছে।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনিভার্সিটিজ ইউকে বলেছে, অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। সংগঠনটির মতে, এসব পরিবর্তনের মধ্যে রয়েছে সরাসরি উপস্থিতিতে পরীক্ষা, উপস্থাপনা, মৌখিক পরীক্ষা, কাজের প্রক্রিয়াভিত্তিক মূল্যায়ন এবং নিয়ন্ত্রিতভাবে এআই ব্যবহার করে সম্পন্ন করা যায়—এমন মূল্যায়ন পদ্ধতি। তাদের বক্তব্য, ‘বিভিন্ন বিষয়ে মূল্যায়নের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতির প্রয়োজন হবে। শিক্ষার্থীদের শেখার লক্ষ্য ও ফলাফলকে সর্বোত্তমভাবে সহায়তা করে, এমন মূল্যায়ন পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা থাকা উচিত।’

এদিকে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছোট শিশুদের যেমন নির্দিষ্ট বয়সের আগে ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ দেওয়া হয় না, তেমনি শিক্ষার্থীদেরও শেখার প্রাথমিক পর্যায়ে এআই ব্যবহারে সতর্কতা প্রয়োজন। কারণ, শুরু থেকেই ক্যালকুলেটরের ওপর নির্ভরশীল হলে শিশুরা গণনার মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারে না। একইভাবে শিক্ষার্থীরা যদি নিজের চিন্তাভাবনা ও বিশ্লেষণী দক্ষতা তৈরি করার আগেই অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার তৈরিতে এআইয়ের ওপর নির্ভর করেন, তাহলে তাদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও একাডেমিক লেখার দক্ষতা গড়ে উঠবে না।

তিনি বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব দর্শন ও শিক্ষার উদ্দেশ্যকে গুরুত্ব দিতে হবে। বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয় কী করছে, সেটি অনুসরণ করাই মূল বিষয় নয়। শিক্ষার্থীরা কোন কাজে এবং কতটুকু এআই ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরি করতে হবে। বই, গবেষণাপত্র ও প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করার মতো কাজে এআই ব্যবহার করা যেতে পারে। তবে পুরো অ্যাসাইনমেন্ট এআই দিয়ে লিখিয়ে নিজের লেখা হিসেবে জমা দেওয়া কিংবা লেখা নিজের মতো করে পরিবর্তন করে এআই ব্যবহারের বিষয়টি আড়াল করা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এআইয়ের উপকারিতা অস্বীকার করা যাবে না; বরং এর সীমিত ও প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের বোঝাতে হবে, এআই দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া এক ধরনের নকলের শামিল। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি এআই ব্যবহারের অনুমোদিত ও অননুমোদিত ক্ষেত্র নির্ধারণ করতে হবে।

শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, কোনো শিক্ষার্থী এআই ব্যবহার করেছেন কি না, তা বোঝার সক্ষমতা শিক্ষকদেরও থাকতে হবে। অন্যথায় এআই ব্যবহার না করে নিজেরা কাজ করা শিক্ষার্থীরা মূল্যায়নে পিছিয়ে পড়তে পারেন। আবার এআইয়ের সহায়তায় তৈরি করা ভালো মানের কাজ দেখে শিক্ষক বেশি নম্বর দিলে মূল্যায়নে এক ধরনের অসমতা তৈরি হবে। তাই শিক্ষকদের এআই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে এবং কাজ যাচাইয়ের প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোগ নিতে হবে।

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950