মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক, টাইমের ছাপা ছবি নিয়ে হইচই

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
টাইমের প্রচ্ছদে ছাপা হয়েছে ইলন মাস্কের ভিন্নধর্মী ছবি

টাইমের প্রচ্ছদে ছাপা হয়েছে ইলন মাস্কের ভিন্নধর্মী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। সেখানে প্রেসিডেন্টের জন্য রয়েছে বিশেষ একটি টেবিল ও চেয়ার। ওই চেয়ারে বসেই দেশ শাসনের সিদ্ধান্ত দিয়ে থাকেন তিনি। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে ওই টেবিল–চেয়ারে বসেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের প্রচ্ছদে ছাপা হয়েছে ভিন্ন এক চিত্র। তাতে দেখা যাচ্ছে, হোয়াইট হাউসে ট্রাম্পের ওই চেয়ারে বসে আছেন ধনকুবের ইলন মাস্ক। এ ছবি নিয়ে হইচই শুরু হয়েছে।

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের ওই টেবিলটি ‘রেজল্যুট ডেস্ক’ নামে পরিচিত। টাইমের সর্বশেষ সংস্করণের প্রচ্ছদে দেখা যায়, প্রেসিডেন্টের ওই ডেস্কের পেছনে চেয়ারে বসে আছেন ইলন মাস্ক। হাতে কফির পাত্র। তার দুই পাশে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেনশিয়াল পতাকা। টাইমের এই সংস্করণটিতে ‘ওয়াশিংটনে ইলন মাস্কের যুদ্ধের ভেতরের খবর’ শিরোনামে একটি প্রতিবেদনও ছাপা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে, একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া আর কারও কাছে জবাবদিহির জন্য বাধ্য নন মাস্ক।’

যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই ট্রাম্পের কাছাকাছি দেখা গেছে টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ধনকুবের ইলন মাস্ককে। নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারের জন্য বিপুল পরিমাণ অর্থও দিয়েছিলেন তিনি। এর বিনিময় দিতে ভোলেননি ট্রাম্প। ক্ষমতা পাকা হওয়ার পর সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) নামের নতুন একটি বিভাগের দায়িত্ব দিয়েছেন মাস্ককে। এই বিভাগের মাধ্যমে ব্যয় সংকোচনের জন্য সরকারি কর্মচারীদের ছাঁটাই করার ক্ষমতা পেয়েছেন তিনি। ট্রাম্পের ওপর তাঁর বড় প্রভাব রয়েছে বলে মনে করছেন অনেকে।

বিগত কয়েক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমের প্রচ্ছদে এলেন ইলন মাস্ক। গত নভেম্বরের সংস্করণের ওই প্রচ্ছদে মাস্কের ছবি দিয়ে শিরোনামে লেখা হয়েছিল ‘নাগরিক মাস্ক: তার কার্যতালিকায় কী কী রয়েছে’। এই দুই প্রচ্ছদ মিলে এটাই ইঙ্গিত করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে আসলে ট্রাম্প নন, আসল ক্ষমতায় রয়েছেন ইলন মাস্কই। সর্বশেষ এই প্রচ্ছদ নিয়ে গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘টাইম ম্যাগাজিন এখনো চালু আছে? জানতাম না।’

ট্যাগ: আমেরিকা
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬