বিয়ের এক মাস না যেতেই ইউটি‌উবারের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ

২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
বিবেক বিন্দ্রা

বিবেক বিন্দ্রা © সংগৃহীত

বিয়ের এক মাস যেতে না যেতেই ভারতের জনপ্রিয় ইউটি‌উবার বিবেক বিন্দ্রার বিরুদ্ধে স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে। বিবেকের শ্যালক ইতিমধ্যেই তার বিরুদ্ধে নয়ডার একটি থানায় মামলা দায়ের করেছেন। বিপাকে ‘মোটিভেশনাল স্পিকার’ (মূলত প্রেরণামূলক বক্তৃতা করেন যাঁরা) বিবেক বিন্দ্রা। চলতি ৬ ডিসেম্বর বিবেক এবং ইয়ানিকার বিয়ে হয়েছিল। 

শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদেনে বলা হয়, বিবেক যে বিলাসবহুল বহুতল ভবনে থাকেন, সেখানেই তিনি তার স্ত্রী ইয়ানিকাকে মারধর করেছেন। জানা যায়, কয়েক দিন আগে বিবেক এবং তার মায়ের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ইয়ানিকা মধ্যস্থতা করতে গেলে বিবেক তাকে মারধর করেন। মারধরের কারণে ইয়ানিকা গুরুতর চোট পেয়েছেন।

মামলার এজহারে ইয়ানিকা উল্লেখ করে, তাকে একটি ঘরে নিয়ে চুল মুঠি ধরে মারধর করে বিবেক। অভিযোগে দাবি করা হয়েছে, হামলার কারণে তিনি (ইয়ানিকা) ঠিকমতো শুনতে পাচ্ছেন না। বিবেক তার ফোনও ভেঙে দিয়েছেন। মারধরের কারণে ইয়ানিকা গুরুতর চোট পেয়েছেন বলেও অভিযোগ তাঁর ভাইয়ের।

বিবেক বিন্দ্রা ৬ ডিসেম্বর ২০২৩-এ ইয়ানিকাকে বিয়ে করেন। বলা হচ্ছে, বিয়ের ৮ দিন পর থানায় অভিযোগ দায়ের করেছেন বিন্দ্রার স্ত্রী। ১৪ ডিসেম্বর ইয়ানিকা অভিযোগ করেন যে তার স্বামী তাকে খারাপভাবে মারধর করেন। অভিযোগ পেয়ে এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বিবেক ভারতের এক জন জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে তার। বিবেক তার ব্যবসার ভিডিও এবং প্রেরণামূলক বক্তৃতার ভিডিওর কারণে ইউটিউব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিখ্যাত। 

বহু মানুষ বিবেকের ব্যবসা সম্পর্কিত উপদেশ মেনে চলেন। বিবেক বিন্দ্রার ইউটিউবে ২১.৪ মিলিয়ন ফলোয়ার এবং ইনস্টাগ্রামে ৩.৯ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

সম্প্রতি ভারতের অন্য এক জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’ সন্দীপ মহেশ্বরীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বিবেক। ইউটিউব চ্যানেলে ‘বিগ স্ক্যাম এক্সপোজ়ড’ শিরোনামে একটি ভিডিয়ো আপলোড করেন সন্দীপ। সেখানে এক জন বড় ইউটিউবারের কথা বলা হয়, যিনি ব্যবসার নামে দেশের বহু তরুণ-তরুণীর সঙ্গে প্রতারণা করেছেন। 

সন্দীপ কারও নাম না করলেও সমাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একাংশের মতে সেই ইউটিউবার আর কেউ নন, তিনি বিবেক। ভিডিও আপলোড করার পরের দিনই সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন সন্দীপ।

সেই পোস্টে তিনি লেখেন, ‘বিগ স্ক্যাম এক্সপোজ়ড’ ভিডিওটি ইউটিউব থেকে মুছে ফেলার জন্য তাঁর কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। যাঁরা এই কেলেঙ্কারিতে যুক্ত তাঁরা ওই দুই ছাত্রকেও নিজেদের বয়ান বদলের জন্য চাপ দেয়া হচ্ছে। এর এক দিন পর সমাজিক যোগাযোগ মাধ্যমে আবার একটি কমিউনিটি পোস্ট করেন সন্দীপ। সেই পোস্টে তিনি সরাসরি বিবেকের নাম নেন।

তিনি লেখেন, “প্রিয় বিবেক, এক দিকে আপনি আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিচ্ছেন, অন্যদিকে আপনি আপনার সাঙ্গপাঙ্গদের বার বার আমার বাড়িতে পাঠাচ্ছেন। আপনার কি মনে হয় যে, আমি আপনার হুমকিতে খুব ভয় পেয়েছি?’’

এর পাল্টা প্রতিক্রিয়া আসে বিবেকের কাছ থেকেও। সন্দীপের পর বিবেক তাঁর ইউটিউব চ্যানেলেও একটি কমিউনিটি পোস্ট করেন। বিবেক সেই পোস্টে লেখেন, ‘‘আপনি আমাকে আপনার শোয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। যেখানে আমি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এভাবে আমি আবার আপনার শোয়ে আসতে এবং সব কিছু নিয়ে খোলামেলা আলোচনা করতে প্রস্তুত। আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। কিন্তু সত্যের মুখোমুখি হওয়ার শক্তি কি আপনার আছে?’’ বিবেক এবং সন্দীপের বাগযুদ্ধে সমাজিক যোগাযোগ মাধ্যম কার্যত দু’ভাগে ভাগ হয়ে যায়। সেই বিতর্ক এখনও শেষ হয়নি। তার মধ্যেই নতুন করে বিপাকে পড়লেন বিবেক।

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬