ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন বাংলাদেশের সাবেক এমপি ডা. প্রাণ গোপাল

২৭ জুন ২০২৬, ১২:২২ PM
ডা. প্রাণ গোপাল দত্ত

ডা. প্রাণ গোপাল দত্ত © টিডিসি সম্পাদিত

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য, চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন বলে জানা গেছে। সম্প্রতি কলেজটির ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানা যায় ।

শনিবার (২৭ জুন) সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্সও দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশি চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত তাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন।

তবে তিনি কতদিন ধরে ওই প্রতিষ্ঠানে পাঠদান করছেন—এ বিষয়ে জানতে চাইলে ওই স্টাফ নার্স বলেন, ‘আমি এখানে ওটিপি ফোন নম্বরে দায়িত্বে আছি। এটি মূলত রোগী-সংক্রান্ত বিষয় দেখাশোনার জন্য ব্যবহৃত হয়। তাই তিনি কতদিন ধরে এখানে ক্লাস নিচ্ছেন, সে বিষয়ে আমি বলতে পারব না। তবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারব।’

অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের। ভিডিওতে দেখা যায়, ডা. প্রাণ গোপাল দত্ত একটি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন। তার পেছনে থাকা ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে তার লেকচার শুনছিলেন।

প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, তিনি টনসিল বা চিকিৎসাবিজ্ঞানের কোনো একটি বিষয় নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন।

আরও পড়ুন: পে স্কেল বাস্তবায়নের পথে সরকার, বেসরকারি চাকরিজীবীরাও কী সুবিধা পাবেন?

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে চলে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার খবরও পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া না গেলেও, ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে তার ক্লাস নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। পরবর্তীতে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬