মারুফা হোসেন © সংগৃহীত
ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে আইসিইউর বেডে মৃত্যুর সঙ্গে লড়ছেন ২৮তম বিসিএস এর অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ স্টাফ কলেজ এর কর্মকর্তা মারুফা হোসেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ (২ নভেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এর আগে তিনি আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার পূর্বের ব্রেইন টিউমার সম্প্রতি আরো প্রসার লাভ করে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
মারুফার সহকর্মীরা জানিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই মেধাবী ছাত্রী কর্মক্ষেত্রেও তার মেধার পরিচয় দিয়েছেন। অত্যন্ত হাসিখুশি, প্রাণোচ্ছল, অমায়িক, ভদ্র, বিনয়ী এবং জনবান্ধব মেধাবী পুলিশ কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিত তিনি।
পুলিশ কর্মকর্তা মারুফার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও সহকর্মীরা।