ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল © ফাইল ফটো
এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালের দুই রোগীর শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাধীন অন্য রোগীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (১৪ মে) সন্ধ্যায় হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ভারতীয় ধরন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারত থেকে আসা দুই রোগীর শরীরে আমরা করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) পেয়েছি। তাদেরসহ ভারত থেকে আসা সব রোগীকেই কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। নির্দেশনা মোতাবেক ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া দুজনের নমুনা বক্ষব্যাধি হাসপাতাল পাঠানো হয়েছে।
তিনি বলেন, সময়টা যেহেতু চ্যালেঞ্জিং এবং কোভিড রোগীদের নিয়ে আমরা কাজ করছি, তাই প্রতি মুহূর্তেই নিজেদেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমাদের সবারই করোনা সম্পর্কে সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভারতীয় ভ্যারিয়েন্ট যদি ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
এর আগে (৮ মে) এভারকেয়ার হাসপাতালের একটি নমুনায় এই ধরন পাওয়া গেছে। ওই সময়ে বিষয়টি নিশ্চিত করেছিলেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, ভারতে প্রথম শনাক্ত ‘বি.১.১৬৭’ নামে করোনার ধরনটি বিশ্বের ৪৪টি দেশে শনাক্ত হয়েছে।