তারল্য সঙ্কট সমাধানে বৈশ্বিক কর্ম-পরিকল্পনা প্রয়োজন: শেখ হাসিনা

৩০ মার্চ ২০২১, ১১:৩৯ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ও কোভিড-১৯ পরবর্তী সময়ে তারল্য সঙ্কট মোকাবেলা ও ঋণের বোঝা লাঘবে আমাদের উচ্চাভিলাষী ও সমন্বিত বৈশ্বিক কর্ম-পরিকল্পনা প্রয়োজন।

রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে ‘ইন্টারন্যাশনাল ডেব্ট আর্কিটেকচার অ্যান্ড লিকুইডিটির’ ওপর ‘ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অব কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড ইনিশিয়েটিভ’ (এফএফডিআই) শিরোনামে এক ভার্চুয়াল বৈঠকে দেওয়া ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

জি৭, জি২০ এবং ওইসিডির সদস্য দেশগুলোর কাছ থেকে আমাদের বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত দেশ, এমডিবিএস (মাল্টিলেটারেল ডেভেলপমেন্ট ব্যাংকস) এবং আইএফআইএস (ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন) এর উচিত বৃহৎ পরিসরে ও নতুন ‘স্পেশাল ড্রইং রাইটস’-এর মত বরাদ্দের মাধ্যমে তারল্য বাড়ানো।

প্রধানমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ অর্থনীতির জন্য উন্নত দেশগুলোর রাজস্ব প্রণোদনা, অর্থনীতিতে বিশেষ সুবিধা ও ঋণ রেয়াত বাড়াতে হবে। এছাড়া এসডিজির সাথে সঙ্গতি রেখে এলডিসিতে (লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ) উত্তরোণের জন্য অন্তত ২০৩০ সাল পর্যন্ত নতুন আন্তর্জাতিক সহায়তার উদ্যোগ নেওয়া উচিত বলে প্রধানমন্ত্রী মত দেন।

শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারী দেখা দেওয়ার পর এক বছরের বেশি সময় পার হয়ে গেছে এবং বিশ্ব এখনও আর্থ-সামাজিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারেনি।

সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আমরা আমাদের জনগণের জীবন ও জীবিকার ওপর থেকে মহামারীর বিরূপ প্রভাব হ্রাস করার সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা মহামারী শুরু হওয়ার পরপরই ১.২৪ ট্রিলিয়ন টাকা বা ১৪.৫৮ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রণোদনা প্যাকেজ শুরু করেছি, যা আমাদের জিডিপির প্রায় ৪.৪৪ শতাংশ।

তার সরকার ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন করতে বাজারে পর্যাপ্ত তারল্য ও তহবিল সরবরাহ করেছে বলেও জানান তিনি।

অর্থ সরবরাহ ও ঋণ সমস্যার সমাধানে অধিকতর সাহসী ও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরাই ছিল উচ্চ-পর্যায়ের এ ভার্চুয়াল বৈঠকের লক্ষ্য। ২০২০ সালে এফএফডিআই এর পৃষ্ঠপোষকতায় মহামারী থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার লক্ষ্যে কর্ম-পরিকল্পনা ঠিক করতে কয়েকটি বৈঠকের পর এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬