হাসান আলী © সংগৃহীত
থানার ছাদ থেকে গুলিবিদ্ধ এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ওই পুলিশ সদস্য।
রবিবার (২১মার্চ) সকালে পাবনার সদর উপজেলার আতাইকুলা থানায় এই ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম হাসান আলী (২৮)। তিনি পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হাসান কি কারণে আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে আর্থিক অনটনের কারণে এমনটি হতে পারে। আজ সন্ধ্যায় পুলিশ লাইন্স মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ওসি আরও বলেন, হাসান যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ শেষে ২০২০ সালে ৬ ফেব্রুয়ারি পাবনা জেলা পুলিশে যোগ দিয়েছিলেন তিনি।