বেগম হালিমা আজিজ © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সাদা দলের যুগ্ম আহ্বায়ক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের মাতা বেগম হালিমা আজিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বযস হয়েছিল ৭৬ বছর।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হালিমা আজিজ ইন্তেকাল করেন।
তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল আজিজ খানের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমার রুহের মাগফিরাতের জন্য শনিবার (২০ মার্চ) বাদ জোহর নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। নিজের মাতা এবং পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।
বেগম হালিমা আজিজের মৃত্যুতে শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।