মাহিন্দা রাজাপাকসে © ফাইল ফটো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।
আগামীকাল শনিবার সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এদিনই রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।