প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেন সব ধরনের উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে গড়ে তুলছি।
বুধবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম বিএনএ-তে অনুষ্ঠিত নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিইও ২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশটা স্বাধীন। স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা চলব। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সব রকম প্রস্তুতি নেব।
নৌবাহিনীর উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা নৌবাহিনীকে সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সক্ষম হয়েছি। নৌবাহিনীতে অ্যাভিয়েশন সিস্টেম থেকে শুরু করে সবকিছু করে দিয়েছি।
নবীন অফিসারদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আজকে যারা নবীন অফিসার, তারা কমিশন পেয়ে স্ব স্ব দায়িত্ব পালন করবেন। আপনারা ২০৪১ সালে আরও উন্নত হবেন... ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন। দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।