প্রতীকী
স্ত্রী-সন্তানকে ফিরে পেতে মামলা দায়েরের পর এতে হেরে যাওয়ায় আদালত প্রাঙ্গণেই ছুরি দিয়ে আত্মহত্যা করেছেন হবিগঞ্জের এক যুবক। সোমবার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। হাফিজ সদর উপজেলার সুলতান মামদপুর গ্রামের নূর মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বেলা আনুমানিক একটার দিকে নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যা করেন ওই যুবক। মারা যাওয়ার পর তার দেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর তার দাফনের ব্যবস্থা করা হবে।
আদালত পরিদর্শক আল-আমিন জানিয়েছেন, হাফিজের সাথে তার স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় দুই জন আলাদা বসবাস করতেন। সম্প্রতি হাফিজ স্ত্রীকে ফিরে পেতে হবিগঞ্জ নির্বাহী আদালতে মামলা করেছিলেন।
সোমবার বিচারক হাফিজের স্ত্রীর ইচ্ছায় তাকে তার মায়ের সঙ্গে যাওয়ার আদেশ দেন। কিছুক্ষণ পর হাফিজ বাইরে এসে আদালত ভবনের সামনে নিজের বুকে ছুরিকাঘাত করেন। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিলেটে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই হাফিজ মারা গেছেন।
সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মিঠুন জানান, হাফিজের বুকে একটি ছুরিকাঘাত ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে সিলেটে পাঠানো হয়েছিল। সেখানে নিয়ে যাওয়ার পথে তিনি মারা গেছেন।