প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন © সংগৃহীত
সীমাহীন নারী নির্যাতনের ঘটনায় সরকার পর্যন্ত বিব্রত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, সরকারের মন্ত্রী পর্যন্ত বলেছেন আমরা ক্ষমতায়, আমরা এটার দায় এড়াতে পারি না। আমরা জুডিশিয়ারিতে আছি, আমরাও চাই উপযুক্ত বিচার হোক।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সদ্যপ্রয়াত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি প্রধান বিচারপতি হওয়ার পর সাংবাদিক ভাইয়েরা বিচার অঙ্গন থেকে লেখালেখিও একটু বেশি শুরু করেছেন। এটা ভালো। গঠনমূলক সমালোচনা করলে আমার জন্য অনেক সুবিধা হয়। আমি চিহ্নিত করতে পারি যে, কোথায় কি কি গোলমাল আছে।
তিনি বলেন, যেখানে ছাড়া হচ্ছে সেটাও যেভাবে বলবেন, যেখানে মৃত্যুদণ্ড বহাল রাখা হচ্ছে- সেটাও যদি জনগণের সামনে আসে তাহলে তখন জনগণের একটা স্বস্তি হবে যে- শুধু ছাড়ছে না, তার সঙ্গে সঙ্গে অপরাধীদের ফাঁসিও হচ্ছে। ছাড়ার রিপোর্টও করতে হবে, একইভাবে মৃত্যুদণ্ড বহাল রাখার রিপোর্টও করতে হবে। তা না হলে কোর্ট সম্পর্কে জনগণের একটা বিরূপ ধারণা সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব প্রমুখ।