নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন অংশুইপ্রু মারমা। মন্ত্রীর পিএস সাদেক হোসেন জানান, মন্ত্রী বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল বলেন, শনিবার (৬ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ মোট ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। কক্সবাজার মেডিকেলের ল্যাবে পরীক্ষায় তারা পজিটিভ শনাক্ত হন।
কক্সবাজার মেডিকেলে স্থাপিত করোনা পরীক্ষার ল্যাবটি যান্ত্রিক সমস্যায় গত দুইদিন বন্ধ ছিল। শনিবার মোট ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ১০৮ জনের রিপোর্টে পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর রিপোর্ট ছিল।
এদিকে বান্দরবান স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, শনিবার জেলায় ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে। সদর হাসপাতালে চিকিৎসাধীন শনাক্ত রোগী আছেন ৬ জন। উপসর্গ থাকা নমুনা সংগ্রহ করা রোগী আছেন ৪ জন। সুস্থ হয়েছেন ১৪ জন।