© ফাইল ফটো
করোনার কারণে দেশে সৃষ্ট পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে বাড়িভাড়া ৬০ শতাংশ কম নেয়ার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বাড়ির মালিকদের প্রতি এ জন্য নির্বাহী আদেশ জারি করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।
আজ রোববার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু। এতে তিনি উল্লেখ করেন, সরকার ঘোষিত ছুটিতে মানবিক দিক বিবেচনায় আপনার নির্বাহী আদেশে বাড়িভাড়ার শতকরা ৬০ ভাগ মওকুফ করার আবেদন জানাচ্ছি।
আবেদনে আরও বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের অভিভাবক। মানুষ আজ মারাত্মক সংকটে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সরকারি ছুটি থাকায় মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বাড়িভাড়ার জন্য অনেক ভদ্র পেশাজীবীদের বাড়িওয়ালা কর্তৃক অপমানের শিকার হতে হচ্ছে। কুষ্টিয়ায় ভাড়া না দিতে পারায় এক নারীকে আগুনে পুড়িয়ে দেন বাড়িওয়ালার ছেলে। এদিকে ঢাকায় বাড়ির মালিক ভাড়াটিয়াকে রাতের বেলায় বের করে দেন রাস্তায়।
তিনি বলেন, কবে দেশ ও জাতি করোনার মহামারি থেকে রক্ষা পাবে তা আল্লাহই জানেন। আমরা মধ্যবিত্ত পেশাজীবীরা অভাবের কথা লোক লজ্জায় কাউকে বলতে পারি না, কষ্টও সহ্য করা যাচ্ছে না।
অতএব দেশের প্রধান অভিভাবক হিসেবে আমাদের আবেদন করোনার ভয়াল পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় এপ্রিল মাস থেকে বাড়িভাড়ার শতকরা ৬০ ভাগ মওকুফ করার জন্য সরকারের প্রধান হিসেবে আপনার নির্বাহী আদেশ প্রার্থনা করছি।