দেশে গত ৮ মার্চ প্রথম তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগীর তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৩৬ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৭০ জনে। তবে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এবং বিভাগ ভিত্তিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যার তথ্য মিলছে না।
শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন হেলথ বুলেটিনে দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় নয় হাজার ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৭৬ জন, সিলেট বিভাগে ১৬৩ জন, রংপুর বিভাগে ২৬৩ জন, খুলনা বিভাগে ২১১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০০ জন, বরিশাল বিভাগে ১৩০ জন এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন শনাক্ত হয়েছেন।
বিভাগভিত্তিক শনাক্ত রোগীর যোগফল দাঁড়ায় ১১ হাজার ৭৩। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা জানানো হয় ১৩ হাজার ৭৭০ জন। সে হিসাবে দেখা যাচ্ছে, বিভাগভিত্তিক করোনায় আক্রান্তের পরিসংখ্যানের চেয়ে মোট আক্রান্তে সংখ্যায় দুই হাজার ৬৯৭ জন রোগী বেশি।
বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৩১৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৪১৪ জন।