পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ঘোষণা দেন জাতীয় দলের ক্রিকেটাররা। সোমবার মিরপুর বিসিবি একাডেমি মাঠে এ ঘোষণা দেন তারা।
ক্রিকেটারদের এমন ঘোষণার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেছেন ক্রিকেটাররা বিসিবিকে স্মারকলিপি না প্রদান করেই সংবাদ মাধ্যমের কাছে ১১ দফা দাবি পেশ করেছে।
এরই প্রেক্ষিতে আজ বুধবার দুপুরে বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথা জানান বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
জানা গেছে, ক্রিকেটাররা আজ বুধবার গুলশানে কোনো একটা রেস্টুরেন্টে বিকেলে বসবেন। সেখানেই তারা পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেবেন। বিসিবি সিইওর সঙ্গে ফোনালাপে তামিমও এমনটাই জানিয়েছেন।
নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বোর্ড সভাপতির নির্দেশে আমরা আবার খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাই। জাতীয় দলের খেলোয়াড় তামিম ইকবালের সঙ্গে আমার কথা হয়। ওকে জানানো হয়েছে আর্থিক যে বিষয়গুলো আছে সেগুলো সমাধান সময়ের ব্যাপার মাত্র। দ্রুত বিষয়গুলো নিষ্পত্তি হবে। তামিমও জানিয়েছেন ও ওর টিমমেট যারা আছে, তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানাবে। আমরা এরই মধ্যে জেনেছি ক্রিকেটাররা কোথাও না কোথাও বসবে। আমাকে জানিয়েছে, বিকেল ৫টার পর আমরা অ্যাভেইলেবল আছি। বাইরে কোথাও বা বোর্ডে তাদের সঙ্গে আমাদের আলোচনা হতে পারে।’