জীবিত নারী শ্রমিক © সংগৃহীত
গাজীপুরের ভোগড়া এলাকায় ফিন বাংলা অ্যাপারেলসের এক নারী শ্রমিক নিহত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ করেন কারখানাটির আড়াই শতাধিক শ্রমিক। তবে পরে ওই নারী শ্রমিক নিজেই থানায় গিয়ে পুলিশকে জানান, তিনি সুস্থ আছেন।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতির পর ফিন বাংলা অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ করতে গেলে কয়েকজন বহিরাগত তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে কারখানাটির সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর-৭৩৮৮) সামান্য আহত হন। পরে সহকর্মীদের সহায়তায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় চলে যান।
এরপর দিলরুবা মারা গেছেন বলে কারখানার আশপাশে গুজব ছড়িয়ে পড়ে। এ খবর শুনে সন্ধ্যায় কারখানার সামনে আড়াইশো এর অধিক শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে দিলরুবা কারখানার কর্মকর্তাদের সঙ্গে গাছা থানায় যান। সেখানে তিনি পুলিশকে নিজের সুস্থতার কথা জানান এবং দুপুরে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেন।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গুজব ছড়ানোর কারণ এবং কারখানায় প্রবেশের সময় বহিরাগতদের বাধা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।