সাধারণ মানুষের মত ১০ টাকার টিকিট কেটে ডাক্তারকে চোখ দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাসেবা নেন সরকারপ্রধান। এ সময় প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।
এর আগে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর তিনি গাজীপুরের কাশিমপুরে মায়ের নামে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। সেদিনও সাধারণ রোগীদের মতোই লাইনে দাঁড়িয়ে কাউন্টারে নাম নিবন্ধন করেন। এরপর ৫ টাকার টিকিট সংগ্রহ করে চোখ, নাক, কান ও গলাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান শেখ হাসিনা।
২০১৬ সালের ৬ ফেব্রুয়ারিও তিনি একইভাবে গাজীপুরের ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, অসুস্থ হয়ে পড়লে যেন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া না হয়। ওই হাসপাতালেই চিকিৎসা নিতে চান তিনি।