আত্মহত্যাকারী পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থী হাসি। © টিডিসি ফটো
নববর্ষের পোশাক না পেয়ে পঞ্চম শ্রেণীর এক শিশু শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের চাপারকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম মিয়া জানান, ওই গ্রামের দরিদ্র মৎস্যজীবী হায়দর আলীর দ্বিতীয় মেয়ে হাসি রক্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতো। ছাত্রী হিসাবে সে মেধাবী ছিল।
আসন্ন নববর্ষকে কেন্দ্র করে সে বৈশাখী পোশাক চায় বাবার নিকট। নতুন পোশাক না পরে স্কুলের অনুষ্ঠানে যাবার বায়না ধরে হাসি। কিন্তু পাঁচ সদস্যের দরিদ্র পরিবারে নিয়মিত খাবার না জোটায় নতুন পোশাক কিনে দেয়া ছিল বাবার নিকট দূরহ। এজন্য পিতা হায়দার আগামী ঈদে নতুন পোশাক কিনে দেয়ার কথা বলেন হাসিকে। এতে অভিমানী হাসির সব হাসি থেমে যায়। শরীর খারাপ করার বাহানায় দুপুরে না খেয়ে বিছানায় পড়ে থাকে।
শুক্রবার রাত আনুমানিক ৮টায় সবার অলক্ষ্যে ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় ফাঁসি দেয়। পরে জেলার হাসপাতালে ময়না তদন্ত শেষে শনিবার গ্রামের কবরস্থানে তার দাফন হয়। মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।