নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

১১ জুন ২০২৪, ১১:২০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
ওয়াকার-উজ-জামান

ওয়াকার-উজ-জামান © সংগৃহীত

সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন ওয়াকার-উজ-জামান। 

মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৩ জুন থেকে এই নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। পরবর্তী তিন বছরের জন্য ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন।

বর্তামানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এবং সারাহনাজ কমলিকা জামান দুই মেয়ের জনক-জননী। 

ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।
 
এ ছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ’ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘মাস্টার্স অব আর্টস’ ইন ডিফেন্সম স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।
 
তার সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ০৮ জুন ২০১০ পর্যন্ত ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর উপ-অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এসময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে তিনি ২৭ জুলাই ২০১১ থেকে ১১ নভেম্বর ২০১৩ পর্যন্ত দুই বছরেরও বেশি সময় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। 

জিওসি হিসেবে তিনি ২ এপ্রিল ২০১৪ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত তিন বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড করেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড ২০১৪, ২০১৫ ও ২০১৬ এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেনাগৌরব পদক’ (এসজিপি) এ ভূষিত হন।

ট্যাগ: জাতীয়
আগামীকাল এনসিপিতে যোগ দিবেন ইসহাক সরকারসহ আরও যারা 
  • ২৩ এপ্রিল ২০২৬
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিল চবি ছাত্রদল
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে শিবিরের বিরুদ্ধে দেয়াল লিখন কর্…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগ জটিলতার মাঝেই বাকি থাকা এক জেলায় পরীক্ষার …
  • ২৩ এপ্রিল ২০২৬
শাহবাগ থানায় জুবায়ের-মোসাদ্দেকের ওপর হামলা ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা
  • ২৩ এপ্রিল ২০২৬