কক্সবাজারের এমপি জাফরকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

২১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম © সংগৃহীত

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সংসদ সদস্য জাফর আলম মঙ্গলবার বিকেলে পেকুয়া বাজারে তাঁর নির্বাচনী অফিস উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে ধৃষ্টতা দেখিয়েছেন, যাতে দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই তাঁকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

এর পাশাপাশি আগামী ৭ কার্যদিবসের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে জাফর আলম বলেন, আমি দোষ করলে আল্লাহ আমার বিচার করবেন; কিন্তু আমি মনে করেছি এটা আমার প্রতি অবিচার হয়েছে।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন জাফর আলম। নির্বাচনে জয়ী হয়ে সংসদে যান তিনি। তবে তাঁর বিরুদ্ধে জমি ও চিংড়ি ঘের জবরদখলের অভিযোগ ওঠে। এবার তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এজন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।

এ ব্যাপারে এমপি জাফর আলমের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬