একটি লোকও অশিক্ষিত থাকবে না: প্রধানমন্ত্রী

১৪ নভেম্বর ২০২২, ০৩:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়ে সেবার মাধ্যমে সেই জনগণের হৃদয় জয় করার প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এ নিয়ে চতুর্থবার ক্ষমতায়, আমরা মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। একটি লোকও অশিক্ষায়, অন্ধকারে থাকবে না।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) জেলা পরিষদে ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা চাইলে জনগণের সেবা দিয়ে মন জয় করতে পারেন। আর যদি চান জনগণের সম্পদ লুট করে চিরদিনের জন্য বিদায় নিতে, তাও পারেন। এটা হলো বাস্তবতা। যেহেতু জনগণ আপনাদের ওপর আস্থা রেখেছে, আপনারা সেবা দিয়ে জনগণের মন জয় করে দেশের উন্নয়নে আত্মনিবেশ করবেন, এটাই আমি চাই। আওয়ামী লীগ সরকার এ নিয়ে চতুর্থবার ক্ষমতায়, আমরা মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষকে চাই একটা উন্নত জীবন দিতে। একটি লোকও দরিদ্র, গৃহহীন-ভূমিহীন থাকবে না। একটি লোকও অশিক্ষায়, অন্ধকারে থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূলকে শক্তিশালী করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয়নি। যদি সেটা করতে পারতেন তাহলে সিঙ্গাপুর-মালয়েশিয়া নয়, বাংলাদেশ স্বাধীনতার ১০ বছরের মধ্যে বিশ্বের বুকে দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়।

আরও পড়ুন: ৩ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

১৫ আগস্টে পরিবারের অন্য সদস্যের হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেন, আমি আর রেহানা বিদেশে থাকায় বেঁচে যাই। রিফিউজি হিসেবে থাকি। দেশে আসতে পারিনি। কারণ মোশতাক প্রথমে অবৈধভাবে ক্ষমতা নেয়।

জিয়াউর রহমান সামরিক আইন জারি করে একাধারে সেনাপ্রধান, অপরদিকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। খুনিদের ইনডেমনিটি দেওয়া হয়, যাতে তাদের বিচার না হয়। তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কার দেওয়া হয়। বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়। আর আমরা যাতে দেশে আসতে না পারি সেই নির্দেশ দেয়। এমনকি রেহানার পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি জিয়াউর রহমান। নিষেধ করে দিয়েছিল। ৬ বছর বিদেশে ছিলাম। পরে একটা চ্যালেঞ্জ নিয়ে দেশে ফিরে আসি।

বিএনপির গঠনতন্ত্র নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, তারা নিজেরাই নিজেদের গঠনতন্ত্র লঙ্ঘন করে সাজাপ্রাপ্ত আসামিকে চেয়ারম্যান করে রেখেছে। আমার মা-বাবা, ভাই হত্যার আসামি জিয়াউর রহমান। সাজাপ্রাপ্ত আসামিদের দল আবার এতো কথা বলে কী করে? বিএনপি ক্ষমতায় এসে আমাদের যত নেতাকর্মীকে নির্যাতন করেছে, সেই তুলনায় আওয়ামী লীগ কিছুই করেনি। খালেদা জিয়া বলেছিল, আমি নাকি প্রধানমন্ত্রী দূরের কথা, বিরোধী দলীয় নেতাও হতে পারব না৷ এখন কী হলো, আসলে আল্লাহর মার, দুনিয়ার বার। 

এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬