সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান আল সৌদ © সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামী বছরের শুরুর দিকে ঢাকা সফর করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান আল সৌদ।
মঙ্গলবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ইআরডি। এর আগে গত ২৬ অক্টোবর সৌদি যুবরাজকে আমন্ত্রণের কথা জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরিভিত্তিতে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ প্রকল্পে সৌদির বিনিয়োগের জন্য বাংলাদেশ অনুরোধ জানালে সৌদি আরব সহযোগিতার আশ্বাস দেয়।
আরও পড়ুন: এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও দুই কর্মকর্তা।
এছাড়া সৌদি আকওয়া পাওয়ারের মাধ্যমে বাংলাদেশে ১০০০ মেগাওয়াট সোলার পাওয়ার ও ৭৩০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাবের বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বিজ্ঞান ও শিক্ষার সব ক্ষেত্রে কার্যকর দ্বিপাক্ষিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। যৌথ কমিশন সভায় দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, কৃষি, পরিবেশ, ধর্মীয় মূল্যবোধ এবং অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান জানান, ২০২৩ সালের শুরুর দিকে সৌদি যুবরাজ বাংলাদেশ সফর করবেন, যা দুদেশের সম্পর্ক বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে।