বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক মান অর্জনে ৩১ বিভাগের জন্য তৈরি হলো ৩৮ কারিকুলাম

১৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ PM
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই কারিকুলাম হস্তান্তর করা হয়

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই কারিকুলাম হস্তান্তর করা হয় © সংগৃহীত

উচ্চতর মেডিকেল শিক্ষার আন্তর্জাতিক মান রক্ষা এবং ‘ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন’ বা ডব্লিউএফএমইসহ দেশি-বিদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। ইতোমধ্যে ৩১টি বিভাগের জন্য প্রস্তুত হয়েছে ৩৮টি ‘আউটকাম বেইজড কারিকুলাম’। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কারিকুলাম প্রস্তুত করেছে।

আজ রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের কাছে এই কারিকুলামের একটি বিশেষ সংস্করণ হস্তান্তর করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ৭৫তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর কাছে সংকলনটি তুলে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় উপস্থিত নীতিনির্ধারকরা জানান, বিশ্বব্যাপী চিকিৎসা শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে এবং আন্তর্জাতিক স্তরে বিএমইউর ডিগ্রিগুলোর গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এই ‘আউটকাম বেইজড কারিকুলাম’ বাস্তবায়ন করা বাধ্যতামূলক। আইকিউএসি, ডিনস কমিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সপার্টস, কারিকুলাম বিষয়ক বিশেষ কমিটি, বিভাগীয় চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি মেম্বারদের নিরলস পরিশ্রমে এই ৩১টি বিভাগের ৩৮টি বিশেষায়িত কারিকুলাম তৈরি সম্ভব হয়েছে।

জানা গেছে, এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ফ্যাকাল্টি সদস্য এবং বিভিন্ন অধিভুক্ত প্রতিষ্ঠানের প্রধানরা এই সভায় অংশ নেন। অনুষ্ঠানে আউটকাম বেইজড কারিকুলাম বা ফলাফলভিত্তিক এই শিক্ষাক্রম চালুর মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা এক নতুন যুগে পদার্পণ করল, যা ভবিষ্যতে বিশ্বমানের দক্ষ চিকিৎসক ও গবেষক তৈরিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী এবং প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুল হক প্রমুখ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬