২৬ আগস্ট ঘিরে সব মাদ্রাসাকে জরুরি নির্দেশনা

২৪ আগস্ট ২০২৬, ০২:৩৩ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

আগামী ২৬ আগস্ট (চাঁদ দেখা সাপেক্ষে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপনে দেশের সকল স্তর ও পর্যায়ের মাদ্রাসাকে বিভিন্ন বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বোর্ডের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনী, কর্ম, এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা সংক্রান্ত বিষয়ের ওপর ভিত্তি করে দেশের সকল প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করতে হবে।

মাদ্রাসাসমূহের করণীয় জরুরি নির্দেশনাবলী:
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সকল সরকারি-বেসরকারি ও অধিভুক্ত মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে নিম্নোক্ত কার্যক্রমসমূহ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে:

আলোচনা সভা ও দোয়া মাহফিল: মহানবী (সা.)-এর পবিত্র জীবনী ও মানবকল্যাণে তাঁর অবদান, সাম্য, প্রগতি ও বিশ্ব-ভ্রাতৃত্বের শিক্ষার ওপর আলোকপাত করে আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করতে হবে।

সাংস্কৃতিক প্রতিযোগিতা: শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত পরিবেশনা, স্বরচিত কবিতা পাঠ এবং বিষয়ভিত্তিক ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

কুইজ প্রতিযোগিতা: মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালনা কমিটির (গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি/এডহক কমিটি) সংশ্লিষ্টদের অবিলম্বে উল্লেখিত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ১৩টি জাতীয় কর্মসূচি:
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি-এর সভাপতিত্বে আয়োজিত জাতীয় সভায় গৃহীত ১৩টি মূল সিদ্ধান্ত ও কর্মসূচি:

১.বাণী প্রদান: মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বিশেষ বাণী প্রদান করবেন।

২.জাতীয় পতাকা উত্তোলন: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর দিন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সদর দপ্তরসহ সকল স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

৩.কালেমা তায়্যিবা ও ব্যানার প্রদর্শন: ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ট্রাফিক আইল্যান্ড ও লাইটপোস্টে জাতীয় পতাকার পাশাপাশি সবুজ জমিনের ওপর সাদা রঙে ৫'×৩' সাইজের কালেমা তায়্যিবা লেখা ব্যানার ও রঙিন পতাকা প্রদর্শন করা হবে।

৪.সচিবালয় মসজিদে দোয়া: ১২ রবিউল আউয়াল দিন ও তার পরবর্তী কার্যদিবসে বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

৫.ইসলামিক ফাউন্ডেশনের মাসব্যাপী আয়োজন ও বইমেলা: বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলা অনুষ্ঠিত হবে ও ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, সেমিনার/টকশো, হামদ-নাত, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা এবং বিশেষ স্মারক/ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আরও দেখুন: জাপান–আইএমএফ স্কলারশিপে মাস্টার্সে সুযোগ, আবেদন করতে পারবেন সিভিল সার্ভিস কর্মকর্তারা

৬.দেশব্যাপী ওয়াজ ও আলোচনা: সকল বিভাগ, জেলা, উপজেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং দেশব্যাপী সকল মসজিদে নিজস্ব ব্যবস্থাপনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

৭.বিশেষ অনুষ্ঠান ও ক্রোড়পত্র: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিশেষ অনুষ্ঠান প্রচার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

৮.শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মসূচি: মাদ্রাসা বোর্ডসহ সকল বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু একাডেমি, ওয়াকফ প্রশাসন ও বিদেশে অবস্থিত হজ অফিসসমূহে (আশকোনা ও জেদ্দা) আলোচনা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে।

৯.শিশুদের জন্য বিশেষ আয়োজন: বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শিশুদের জন্য হামদ-নাত, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন থাকবে।

১০.উন্নতমানের খাবার পরিবেশন: দেশের সকল সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, এতিমখানা, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বিশেষ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

১১.বিদেশের মিশনগুলোতে উদ্যাপন: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে।

১২.পরিষ্কার-পরিচ্ছন্নতা: দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার উদ্যোগে মহানগরী ও শহরের রাস্তাঘাট বিশেষ পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নেওয়া হবে।

১৩.আইনশৃঙ্খলা রক্ষা ও বাজি/গান নিষিদ্ধ: উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। পবিত্র পরিবেশ বজায় রাখতে ঈদের দিন, তার পূর্বের দিন এবং পরের দিন ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনৈসলামিক বা বিনোদনমূলক অনুষ্ঠান (যেমন: যাত্রা, জারিগান, আতশবাজি ইত্যাদি) সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বিস্তারিত নির্দেশনা জানতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।

দক্ষ এআই ব্যবহারে সরকারি কাজে গতি বাড়বে, কমবে ভোগান্তি: জনপ…
  • ২৪ আগস্ট ২০২৬
স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট
  • ২৪ আগস্ট ২০২৬
নারী বিপিএল আয়োজনে আশাবাদী বিসিবি পরিচালক
  • ২৪ আগস্ট ২০২৬
বাকৃবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান
  • ২৪ আগস্ট ২০২৬
নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে র‍্যাগিং, ১৩ জনকে জরিমানা-হল থ…
  • ২৪ আগস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্…
  • ২৪ আগস্ট ২০২৬