বায়তুল মোকাররম মসজিদ © সংগৃহীত
আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার—জুমাতুল বিদা। একই সঙ্গে আজ শেষ হচ্ছে পবিত্র রমজান মাসও। মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময় এ দিনটি সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।
শুক্রবার (২০ মার্চ) পালিত হচ্ছে পবিত্র জুমাতুল বিদা, অর্থাৎ রমজান মাসের শেষ জুমা। আরবি শব্দ ‘বিদা’র অর্থ শেষ। সে হিসেবে জুমাতুল বিদা অর্থ রমজানের শেষ শুক্রবার। প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন। মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবারের মর্যাদা বেশি, আর রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শেষ শুক্রবারের গুরুত্ব আরও বেশি বলে মনে করা হয়।
রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত, ইবাদতের গুরুত্ব ও তাকওয়ার শিক্ষা তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন। দিনটি মুসলিম বিশ্বের কাছেও বিশেষ গুরুত্ব বহন করে।
এদিকে আজ শেষ হচ্ছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান। এবার ৩০টি রোজা পূর্ণ করতে পারছেন রোজাদাররা। আজ আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে, আর আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
রমজান মাস মুসলমানদের কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে বিবেচিত। হাদিসে বর্ণিত আছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসূল (সা.) বলেছেন, রমজান মাস এলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় (সহিহ বুখারী, মুসলিম)। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। (সহিহ বুখারি)
আরও পড়ুন: কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহাওয়াবিদ
আরেক হাদিসে রাসূল (সা.) বলেন, তোমাদের নিকট রমজান এসেছে, এটি বরকতময় মাস… এতে এমন একটি রাত রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম।(মুসনাদে আহমদ)। বিশেষ করে জুমার দিনের গুরুত্ব সম্পর্কেও হাদিসে এসেছে, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম (সহিহ মুসলিম)
রমজানের শেষ জুমা হওয়ায় আজকের দিনের গুরুত্ব দ্বিগুণ। এদিন মুসল্লিরা বেশি বেশি কুরআন তিলাওয়াত, নফল নামাজ, দান-সদকা, জিকির-আজকার এবং তওবা-ইস্তিগফারে মনোনিবেশ করেন।
ইসলামি চিন্তাবিদরা বলেন, জুমাতুল বিদা আমাদের জন্য একটি আত্মসমালোচনার দিন। পুরো রমজান কেমন কাটলো, আমরা কতটুকু বদলাতে পারলাম—তা ভাবার সময় এটি। একই সাথে এটি ভবিষ্যতের জন্য নিজেকে সংশোধনের অঙ্গীকার করার দিন।
আজ জুমার নামাজের আগে দেশের বিভিন্ন মসজিদে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করবেন। নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
রমজানের এই বিদায়ী মুহূর্তে প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, অতীতের গুনাহের জন্য তওবা করা এবং জীবনের বাকি সময়কে দ্বীনের পথে পরিচালিত করার দৃঢ় সংকল্প গ্রহণ করা। কারণ আমরা জানি না, এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান।